×

অন্যান্য

অবসরের ঘোষণা দিলেন রেসলিং কিংবদন্তি ব্রক লেসনার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

অবসরের ঘোষণা দিলেন রেসলিং কিংবদন্তি ব্রক লেসনার

ফাইল ছবি

দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন রেসলিং কিংবদন্তি ব্রক লেসনার। পেশাদার রেসলিং থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ডব্লিউডব্লিউইর ১০ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও সাবেক ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন।

মঙ্গলবার ‘দ্য প্যাট ম্যাকাফি শোতে’ উপস্থিত হয়ে অবসরের সিদ্ধান্ত জানান ৪৯ বছর বয়সী লেসনার। গত শনিবার ডব্লিউডব্লিউই সামারস্লামে ওবা ফেমির বিপক্ষে হেল ইন আ সেল ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ লড়াই ছিল বলে নিশ্চিত করেছেন তিনি।

লেসনার বলেন, ‘আমি আজ বিশ্বকে জানাতে এসেছি, আমি অবসর নিয়েছি। শনিবারের দিনটি আমার জন্য খুব আবেগের ছিল। রেসলিং রিং কিংবা অন্য কোথাও, আমার জন্য এখানেই শেষ।’

চলতি বছরের রেসলম্যানিয়ার পরই লেসনারের অবসরের জল্পনা শুরু হয়েছিল। ওবা ফেমির কাছে হারের পর রিংয়ে নিজের বুট ও গ্লাভস খুলে রেখে চলে গিয়েছিলেন তিনি। তখনই মনে হয়েছিল, আর লড়াই চালিয়ে যেতে পারবেন না।

তবে আরও একবার রিংয়ে ফেরার সিদ্ধান্ত নেন ‘দ্য বিস্ট ইনকারনেট’। লেসনারের ভাষায়, তখনো তার মধ্যে কিছুটা শক্তি অবশিষ্ট ছিল। শেষ পর্যন্ত নিজের শহর মিনিয়াপোলিসে সামারস্লামের ম্যাচ দিয়ে ক্যারিয়ারের সমাপ্তি টানলেন তিনি।

পেশাদার রেসলিংয়ে নামার আগেই অপেশাদার রেসলিংয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন লেসনার। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের হয়ে ২০০০ সালে এনসিএএ ডিভিশন ওয়ান জাতীয় চ্যাম্পিয়ন হন তিনি। দুইবার অল-আমেরিকান ও দুইবার বিগ টেন চ্যাম্পিয়নও হয়েছিলেন।

এরপর ডব্লিউডব্লিউইতে যোগ দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই তারকা হয়ে ওঠেন লেসনার। ২০০২ সালে দ্য রককে হারিয়ে মাত্র ২৫ বছর বয়সে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হন। ক্যারিয়ারে মোট ১০ বার ডব্লিউডব্লিউইর বিশ্ব শিরোপা জিতেছেন তিনি।

দুইবার রয়্যাল রাম্বল জয়ের পাশাপাশি ২০০২ সালের কিং অব দ্য রিং এবং ২০১৯ সালের মানি ইন দ্য ব্যাংক জেতেন লেসনার। ২০১৪ সালের রেসলম্যানিয়ায় দ্য আন্ডারটেকারকে হারিয়ে তার টানা ২১ ম্যাচের অপরাজিত যাত্রা থামিয়ে দেওয়াকে লেসনারের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অর্জন হিসেবে বিবেচনা করা হয়।

রেসলিংয়ের বাইরেও সাফল্য পেয়েছেন এই মার্কিন তারকা। ২০০৪ সালে মিনেসোটা ভাইকিংসের হয়ে যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগে খেলার চেষ্টা করেছিলেন তিনি। কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেললেও মূল দলে জায়গা পাননি।

২০০৭ সালে মিশ্র মার্শাল আর্টে নামার পর মাত্র চতুর্থ লড়াইয়েই র‌্যান্ডি কুতুরকে হারিয়ে ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন হন লেসনার। তার সর্বশেষ মিশ্র মার্শাল আর্ট লড়াই ছিল ২০১৬ সালে ইউএফসি ২০০-তে মার্ক হান্টের বিপক্ষে।

বিদায়ের ঘোষণায় নিজের দীর্ঘ পথচলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লেসনার। তিনি বলেন, ‘আমি সাউথ ডাকোটার এক কৃষক পরিবারের ছেলে ছিলাম। আমার বড় স্বপ্ন ছিল এবং আমি শুধু পরিশ্রম করে গেছি। এই জীবনে যা করতে পেরেছি, তার জন্য আমি কৃতজ্ঞ।’

এনসিএএ চ্যাম্পিয়ন, ডব্লিউডব্লিউইর ১০ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে লড়াইয়ের জগতকে বিদায় জানালেন ব্রক লেসনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App