জয়াবর্ধনে-মুডি ক্ষোভ প্রকাশ করেছেন
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০১৯, ০২:১৪ পিএম
এবার দেশের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের সপ্তম আসর ঘিরে আলোচনা-সমালোচনা একটু বেশিই হচ্ছে। ঘরোয়া এই টুর্নামেন্টের ঘন ঘন নিয়ম পরিবর্তন, আয়-ব্যয়ের ভাগাভাগি নিয়ে নানা গুঞ্জন চলছে। হঠাৎ নিয়ম পরিবর্তনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে সুর মিলিয়ে বিপিএলের নিয়ম-কানুন স্থিতিশীল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা টাইটান্সের কোচ মাহেলা জয়বর্ধনে এবং রংপুর রাইডার্সের কোচ টম মুডি। তারা মনে করেন, টি-টোয়েন্টি লিগের একটি নির্দিষ্ট নিয়ম থাকা জরুরি। প্রতি বছর নিয়ম বদলানো ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগের জন্য ভালো নয়।
এবার বেশ আয়োজন করে রংপুর রাইডার্সে যাওয়ার ঘোষণা দিলেন সাকিব আল হাসান। তার এক সপ্তাহ পার হওয়ার আগেই বিসিবি বেশ ঘটা করে জানাল, এভাবে দলবদল করা সম্ভব নয় সাকিবের পক্ষে। অথচ এর আগের মৌসুমগুলোতে প্রায় সব আইকনই এভাবে দলবদল করেছেন। তাই রংপুর রাইডার্স কোচ টম মুডি বলেছেন, বিভিন্ন টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজির সঙ্গে প্রায় ১২ বছর কাজ করছি।
টি-টোয়েন্টি লিগের বড় বিষয় হলো- নিয়মনীতি নির্ধারণ করে দেয়া এবং তা অনুসরণ করা। এটা শুধু দল কিংবা ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ নয়। দেশি এবং আন্তর্জাতিক ভক্তরা ম্যাচগুলো দেখেন। তাদের জন্যও এটা গুরুত্বপূর্ণ। বারবার নিয়ম বদলালে টুর্নামেন্টের সততা নিয়ে প্রশ্ন উঠে যায়।
বিপিএলের বর্তমান নিয়ম অনুযায়ী, সাকিবের রংপুরের সঙ্গে করা চুক্তি বৈধ। কারণ এই নিয়মেই ২০১৬ সালে রংপুর রাইডার্সে গেছেন মাশরাফি। মুশফিক খেলেছেন রাজশাহী। একই নিয়মে সাকিবের মতো দলবদলে খুলনায় যাচ্ছেন তামিম।
মুশফিক চিটাগং ছেড়ে আসছেন কুমিল্লায়। কিন্তু ঝামেলা করেছে ঢাকা। ফ্রাঞ্চাইজিটির মালিকানায় আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ ক্লাবটি বেক্সিমকোর।
জয়বর্ধনে নিয়ম বদলের বিষয়ে বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা গুরুত্বপূর্ণ। প্রতি বছর নিয়ম বদল করা টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জন্য ভালো নয়। অন্য ফ্রাঞ্চাইজির দিকে খেয়াল করলে দেখা যাবে, তাদের নির্দিষ্ট নিয়ম আছে। এটা সব দলের জন্যই ভালো।
বিপিএল শুরু থেকেই নানা বিষয়ে ঝামেলা লেগেই আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১২ সালে শুরুর পর থেকে অভিযোগ আর বিতর্ক থেকে মুক্ত থাকতে পারেনি। ঘরোয়া এই টুর্নামেন্টে ঘিরে নাটকীয়তার শেষ নেই।
