চ্যাম্পিয়ন্স লিগ
লিভারপুল ও বার্সেলোনার অসাধ্য সাধনের লড়াই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম
অসাধ্য সাধনের মিশনে আজ মাঠে নামছে বার্সেলোনা। ছবি- সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগের মঞ্চ মানেই কি প্রত্যাবর্তনের অবিশ্বাস্য কোনো গল্প, নাকি পরিচিত চিত্রনাট্যের পুনরাবৃত্তি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। অন্যদিকে, অ্যানফিল্ডের জাদুকরী পরিবেশে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে স্বাগত জানাবে লিভারপুল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুই দলই ২-০ ব্যবধানে পিছিয়ে থাকায় আজ তাদের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ।
অ্যাতলেটিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে কাজটা বার্সার জন্য মোটেও সহজ নয়। প্রথম লেগে ঘরের মাঠে হ্যান্সি ফ্লিকের দল আধিপত্য দেখালেও লাল কার্ড আর ফিনিশিংয়ের ব্যর্থতায় ২-০ গোলে হেরে বসে। ইতিহাসও বার্সার বিপক্ষে; চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ঘরের মাঠে প্রথম লেগে দুই গোলে হারার পর ঘুরে দাঁড়ানোর নজির আছে মাত্র দুটি।
তবে এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বার্সা শিবিরে আত্মবিশ্বাস ফিরেছে। লামিনে ইয়ামাল ও ফেরান তোরেস দারুণ ফর্মে আছেন। প্রথম লেগে সুযোগ নষ্ট করা মার্কাস র্যাশফোর্ডও এখন গোল পেতে মরিয়া। র্যাশফোর্ড মনে করেন, ঘুরে দাঁড়ানোর বিশ্বাসটাই এখন সবচেয়ে জরুরি। তবে ফ্লিকের আক্রমণাত্মক কৌশল রক্ষণে ফাটল ধরাচ্ছে—টানা ১৪ ম্যাচে গোল হজম করাটা বার্সার বড় দুশ্চিন্তা। বিপরীতে জুলিয়ান আলভারেজ, গ্রিজমান ও সোরলোথদের নিয়ে গড়া অ্যাতলেটিকোর আক্রমণভাগ ঘরের মাঠে যেকোনো রক্ষণ গুঁড়িয়ে দিতে সক্ষম।
প্যারিসে ২-০ গোলে হেরে আসলেও লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক হাল ছাড়ছেন না। লক্ষ্যে একটি শটও রাখতে না পারা সেই বিবর্ণ লিভারপুলকে বদলে দিতে ২০১৯ সালের স্মৃতিই তার অনুপ্রেরণা। সেবার বার্সেলোনার বিপক্ষে তিন গোলে পিছিয়ে থেকেও ৪-০ ব্যবধানে জিতে অসাধ্য সাধন করেছিল অলরেডরা। ফন ডাইক বলেন,'অ্যানফিল্ডে আমাদের বিশেষ কিছু করে দেখাতে হবে।' কোচ আর্নে স্লটও দর্শকদের আহ্বান জানিয়েছেন দলকে অনুপ্রেরণা দিতে।
ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে লিভারপুল কিছুটা স্বস্তিতে থাকলেও পিএসজি কিন্তু বেশ গোছানো। কভিচা কাভারাতস্খেলিয়া ও দেসির দুয়েরা আছেন তুখোড় ফর্মে। বিশেষ করে কাভারাতস্খেলিয়া নকআউট পর্বে গোল করার যে ধারা বজায় রেখেছেন, তা লিভারপুল রক্ষণের জন্য বড় ভয়ের কারণ হতে পারে।
মাদ্রিদে বার্সেলোনার কিংবা অ্যানফিল্ডে লিভারপুলের ‘ম্যাজিক’—যাই ঘটুক না কেন, এখন ফুটবল প্রেমীদের অপেক্ষা রূপকথার কোনো প্রত্যাবর্তন দেখা যায় কি না।
