সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি- সংগৃহীত
আইরিন আক্তার রিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী হকি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকির বাছাই পর্বের সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে আগামী বছর জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের মূল আসরে খেলা নিশ্চিত করলেন বাংলাদেশের নারীরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা বাংলাদেশ অষ্টম মিনিটে লিড নেয়। আইরিন রিয়ার ফিল্ড গোলে এগিয়ে যায় দল। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি; চার মিনিট পর পেনাল্টি কর্নার থেকে সিঙ্গাপুরকে সমতায় ফেরান চিয়া। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে দুই দলই জালের দেখা পেতে ব্যর্থ হলে ১-১ সমতায় ম্যাচ গড়ায় শেষ কোয়ার্টারে।
ম্যাচের শেষ দিকে পাল্টে যায় দৃশ্যপট। ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন রিয়া। ঠিক পরের মিনিটেই (৫৮তম মিনিট) আরও একটি ফিল্ড গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। শেষ দুই মিনিটে সিঙ্গাপুর মরিয়া হয়ে আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল অটুট। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। হ্যাটট্রিক করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন আইরিন আক্তার রিয়া।
বাছাই পর্বের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চাইনিজ তাইপে ও স্বাগতিক ইন্দোনেশিয়া। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী পরশু বৃহস্পতিবার ফাইনালে লড়বে বাংলাদেশ।
