ভারতের সাথে ‘হ্যান্ডশেক’ বিতর্কে নিয়ে নতুন তথ্য দিলেন সালমান আগা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি- সংগৃহীত
সর্বশেষ এশিয়া কাপে ভারতের ক্রিকেটারদের হাত না মেলানো এবং সৌজন্য বিনিময় থেকে বিরত থাকার বিষয়ে সাত মাস পর নতুন তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা। শনিবার (২ মে) এক ভিডিও বার্তায় তিনি জানান, ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অলিখিত নিষেধাজ্ঞার কারণেই সূর্যকুমার যাদবের দল পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হাত মেলায়নি।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হলেও একবারও হাত মেলায়নি দুই দল। সালমান জানান, তিনি এই সিদ্ধান্তের কথা আগে জানতেন না; টসের সময় ম্যাচ রেফারি তাকে বিষয়টি অবহিত করেন। পাকিস্তানি অধিনায়ক বলেন,'টসের আগে সংবাদ সম্মেলন ও ট্রফি ফটোশুটে হ্যান্ডশেক হয়েছিল। কিন্তু টসের সময় রেফারি জানালেন, আজ হ্যান্ডশেক হবে না। আমরা ম্যাচ শেষে তাদের ড্রেসিংরুমে সৌজন্য বিনিময়ের জন্য গেলেও তারা সাড়া দেয়নি।'
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব সে সময় জানিয়েছিলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে তারা এই অবস্থান নিয়েছেন। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, বোর্ডের সরাসরি নির্দেশেই এমন আচরণ করেছে ভারত।
বিষয়টি ক্রিকেটের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে উল্লেখ করে সালমান আলী আগা বলেন,'আমরা যখন দেশের প্রতিনিধিত্ব করি, তখন ছোটরা আমাদের দেখে শেখে। আমরা যদি এমন করি, তবে ক্লাব ক্রিকেটেও এর প্রভাব পড়বে। রোল মডেল হিসেবে এটি সঠিক বার্তা নয়।'
