বার্সেলোনায় যোগ দিয়ে গর্ডনের ‘শৈশবের স্বপ্নপূরণ’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:১৩ পিএম
অ্যান্থনি গর্ডন। ছবি- সংগৃহীত
ফুটবল অঙ্গনের গত কয়েক দিনের গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দিলেন অ্যান্থনি গর্ডন। গতকাল শুক্রবার (৩০ মে) এক অনুষ্ঠানের মাধ্যমে এই ইংলিশ ফরোয়ার্ডকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কাতালান ক্লাবটি। বার্সার জার্সি গায়ে জড়াতে পারাটাকে নিজের ছোটবেলার স্বপ্নপূরণ হিসেবে দেখছেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার।
বার্সেলোনা তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে দলবদলের খরচের বিষয়টি গোপন রাখলেও ইএসপিএন ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই ট্রান্সফার ফি প্রায় ৮০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ১৪৩ কোটি টাকারও বেশি।
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও গর্ডনকে দলে নিতে বেশ আগ্রহী ছিল। তবে বায়ার্নের প্রস্তাব ফিরিয়ে দিয়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনাকেই বেছে নিয়েছেন এই ইংলিশ তারকা। গতকাল বার্সেলোনার অনুষ্ঠানে অনর্গল স্প্যানিশ ভাষায় কথা বলে সবাইকে চমকে দেন গর্ডন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গর্ডন বলেন,'তিন বছর বয়স থেকেই আমি বার্সেলোনার হয়ে খেলার স্বপ্ন দেখতাম। আমি স্প্যানিশ ভাষা শিখেছি কারণ ছোটবেলা থেকেই আমার বিশ্বাস ছিল, একদিন এই ক্লাবে খেলব। এমনকি নিউক্যাসলে থাকার সময়ও আমি ফিজিওর সঙ্গে নিয়মিত স্প্যানিশে কথা বলতাম।' তিনি আরও যোগ করেন,'বার্সেলোনা যখন আমার ব্যাপারে আগ্রহ দেখাল, আমি দ্বিতীয়বার কিছু ভাবিনি। এটি এই গ্রহের সবচেয়ে বড় ক্লাব।'
২০১৭ সালে মাত্র ১৬ বছর বয়সে এভারটনের হয়ে ইউরোপা লিগে অভিষেকের মধ্য দিয়ে ফুটবলে সাড়া ফেলেছিলেন গর্ডন। সেখানে ছয় বছর কাটানোর পর ২০২৩ সালে তিনি যোগ দেন নিউক্যাসলে।
চলতি উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম রাউন্ডে কারাবাগ এফসির বিপক্ষে নিউক্যাসলের ৬-১ ব্যবধানে জেতা ম্যাচে প্রথমার্ধেই একাই ৪টি গোল করেছিলেন গর্ডন। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এর আগে কেবল ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড লুইস আদ্রিয়ানো এই কীর্তি গড়েছিলেন।
বার্সেলোনায় নতুন অধ্যায় শুরু করা নিয়ে আশাবাদী গর্ডন বলেন,'এই ক্লাবের ইতিহাস ও গৌরবময় অতীত সম্পর্কে আমি পুরোপুরি সচেতন। আমি নতুন চ্যালেঞ্জ নিতে সম্পূর্ণ প্রস্তুত। এখানে ট্রফি জেতার জন্য আমার ভেতরে এখন তীব্র ক্ষুধা কাজ করছে।
