×

খেলা

যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরান কোচের বিস্ফোরক মন্তব্য

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:০৬ এএম

যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরান কোচের বিস্ফোরক মন্তব্য

ইরান ফুটবল দলের প্রধান কোচ আমির ঘালেনি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আক্রমণে পরিস্থিতি উত্তপ্ত। বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের কথা অনেকবার শোনা গেলেও তা আর হয়নি। এমনকি ইরান দলের কয়েকজন সাপোর্টিং স্টাফকেও ভিসা দেওয়া হয়নি।

গত রাতে মেক্সিকোর তিহুয়ানা থেকে বিশ্বকাপের ভেন্যু লস অ্যাঞ্জেলেসে পা রাখার পর ইরানের প্রধান কোচ ঘালেনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, খেলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব না। আর ফিফার স্লোগানও হলো যে ফুটবলকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত। আমরা ইরানের প্রত্যেককে সম্মান করি।’

আগামীকাল (১৬ জুন) লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এখানেই প্রবাসী ইরানিদের সংখ্যা বেশি। ঘটনা যা-ই ঘটুক না কেন, ঘালেনির ভাষায় ফুটবলাররা নিজের দেশকে প্রতিনিধিত্ব করছেন। সংবাদ সম্মেলনে ইরান কোচ বলেন, ‘আমরা এখানে ফুটবল খেলতে এসেছি এবং ইরানের প্রতিনিধিত্ব করছি। ইরানের স্থানীয় হোক বা প্রবাসী ইরানি—আমরা সবারই প্রতিনিধি। শুধু নিজেদের দেশ নিয়েই ভাবছি।’

যদি কোনো কারণে গ্যালারিতে ইরানকে লক্ষ্য করে বিতর্কিত স্লোগান দেওয়া হয়, তাহলে ফুটবলাররা ম্যাচ বয়কট করবে বলে ৯ জুন স্থানীয় এক সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি। যেহেতু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, তাহলে এমন কিছু ঘটতেই পারে। ইরান দল যখন লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়, তখন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় একদল প্রবাসী ইরানি বর্তমান সরকারের নিন্দা জানিয়ে এবং গণতন্ত্রের পক্ষে বিক্ষোভ সমাবেশ করেন।

বার্তা সংস্থা এএফপির এক প্রশ্নের জবাবে ঘালেনি জানিয়েছেন, আশপাশে ঘটে যাওয়া ঘটনা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না। ইরান কোচ বলেন, ‘আমরা এখানে একটি ভালো ম্যাচ উপহার দিতে এসেছি। আমাদের চারপাশে যা কিছু আলোচনা হচ্ছে, সেদিকে মনোযোগ দিচ্ছি না।’

তিহুয়ানার বিশ্বকাপ বেস ক্যাম্প থেকে এক জমকালো বিদায়ী সংবর্ধনার মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হয় ইরান। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে ইস্টার্ন সময়ের বিকেল ৪:১১ মিনিটে বিমানবন্দরের ২৫এল রানওয়েতে তাদের বহনকারী এ৩২০) উড়োজাহাজটি অবতরণ করে।

বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম মাত্র ১৫ মিনিটের দূরত্বে অবস্থিত। এই ভেন্যুতেই ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে খেলবে ইরান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইরান খেলবে আরেক ভেন্যুতে। ২৭ জুন সিয়াটলে মুখোমুখি হবে ইরান-মিসর।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App