×

সিলেট

গোয়াইনঘাটে ৩৩ বছরের পুরোনো জরাজীর্ণ সেতু, এযেন এক মরণফাঁদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম

গোয়াইনঘাটে ৩৩ বছরের পুরোনো জরাজীর্ণ সেতু, এযেন এক মরণফাঁদ

ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া হাওর ছরারপার খালের ওপর নির্মিত জরাজীর্ণ সেতুটি এখন যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুটির চারটি খুঁটি ভেঙে পুরোপুরি বিলীন হয়ে গেছে। নামমাত্র কয়েকটি খুঁটির ওপর অত্যন্ত বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে পুরো কাঠামোটি। এই জরাজীর্ণ সেতু দিয়েই প্রতিদিন জীবনের চরম ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ১০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, তাদের ভাগ্য যেন আটকে আছে ভেঙে যাওয়া এই চার খুঁটিবিহীন নড়বড়ে সেতুর ওপর।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছরারপার খালের ওপর দাঁড়িয়ে থাকা সেতুটির মূল ভিত্তির চারটি খুঁটি ভেঙে নিচে পড়ে গেছে। বাকি অংশ কোনোমতে টিকে আছে। সেতুটি অত্যন্ত সরু হওয়ায় এক লাইনে যানবাহন চলাচল করতে হয়। এক পাশ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা পার হলে অপর পাশের সব যানবাহনকে অপেক্ষা করতে হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সেতুর দুই পাশে কোনো রেলিং নেই। ফলে সামান্য অসতর্কতায় খালের নিচে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। খালের দুই পাড়ে গড়ে ওঠা চার-পাঁচটি স্কুল ও মাদ্রাসার শত শত কোমলমতি শিক্ষার্থী প্রতিদিন এই মরণফাঁদ মাড়িয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩৩ বছর আগে এনজিও সংস্থা ‘কনসার্ন’ এবং এলাকাবাসীর যৌথ সহযোগিতায় সেতুটি নির্মিত হয়। এরপর থেকে বগাইয়া, লিডারবস্তি, মুসলিমপাড়া, বগাইয়া দক্ষিণপাড়া, দমদমা, তুরুং, পাহাড়তুলী, ভিতরগুল, ঝারিখালকান্দি, ছরারপার ও আসামপাড়াসহ ১০টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সেতু।

এ ছাড়া পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার হাজারো মানুষও এই পথ ব্যবহার করেন। কৃষিপ্রধান এই অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নেওয়ার অন্যতম মাধ্যমও এই সেতু।

দীর্ঘদিন ধরে সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। সেতুটি ভেঙে পড়লে পুরো পশ্চিমাঞ্চল উপজেলা সদর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এই মরণফাঁদ দিয়েই প্রতিদিন ওই এলাকার মানুষ ও যানবাহন চলাচল করছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সেতুটি পুনর্নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তাদের ভাষ্য, বর্তমানে এই সেতু এক ভয়াবহ মরণফাঁদে পরিণত হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে দ্রুত সেতুটি পুনর্নির্মাণ এবং সেতু-সংলগ্ন সড়ক সংস্কারের দাবি জানান তারা।

ইকরা ইসলামি যুব সংঘের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা বলেন, ‘খুঁটি ভেঙে যাওয়া এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন শিশু শিক্ষার্থী ও যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন ধরে সেতুটি পুনর্নির্মাণ এবং স্থানীয় কুপার বাজার থেকে বগাইয়া পর্যন্ত বেহাল সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো কেউ কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্তমানে এই পথটি মরণফাঁদে পরিণত হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে দ্রুত সেতু পুনর্নির্মাণ ও সড়ক সংস্কারের জোর দাবি জানাচ্ছি।’

বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক বদরুল ইসলাম বলেন, ‘জনগুরুত্বপূর্ণ এই সেতুটি এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এটি ভেঙে পড়লে পশ্চিমাঞ্চলসহ আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব। কৃষিপ্রধান এই অঞ্চলের মানুষের সুবিধার্থে এখানে দ্রুত একটি নতুন সেতু নির্মাণের জোর দাবি জানাচ্ছি।’

বগাইয়া হাওর ছরারপার খালের ঝুঁকিপূর্ণ সেতু প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী হাসিব আহমদ বলেন, ‘সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি আমাদের বিভাগ অবগত। এটি এলজিইডির আইডিভুক্ত না থাকায় নতুন সেতু নির্মাণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে বর্তমানে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের ঝুঁকিপূর্ণ ও অগ্রাধিকারভিত্তিক সেতুর তালিকায় এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্রুত এখানে একটি নতুন সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা এবং প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‘ইতোমধ্যে আমি সরেজমিনে সেতুটি পরিদর্শন করেছি। জনসাধারণের দুর্ভোগ ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে একটি নতুন ও টেকসই সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ আনার চেষ্টা চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

গ্যাসের অভাবে থমকেছে গাড়ি, নিভেছে গৃহস্থালির চুলা

গ্যাসের অভাবে থমকেছে গাড়ি, নিভেছে গৃহস্থালির চুলা

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ব্যবহার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ব্যবহার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App