×

সিলেট

এবার ট্রাক দিয়ে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম

এবার ট্রাক দিয়ে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ

ছবি : সংগৃহীত

হবিগঞ্জে জারি থাকা ১৪৪ ধারা উপেক্ষা করে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে জেলার উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় তাদের গাড়িবহর ট্রাক দিয়ে আটকে দেয় পুলিশ।

বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় সড়কের ওপর একটি ট্রাক আড়াআড়িভাবে দাঁড় করিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয় পুলিশ।

গাড়িবহরে ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা।

প্রত্যক্ষদর্শীদের বলেন, এনসিপির বহরে প্রায় ১০টি মাইক্রোবাস ছিল। অন্যদিকে চা-কন্যা এলাকায় মূল সড়কে শতাধিক পুলিশ সদস্য অবস্থান নেন। পরে নেতারা গাড়ি থেকে নেমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পুলিশ ১৪৪ ধারার কথা উল্লেখ করে তাদের হবিগঞ্জে যেতে নিরুৎসাহিত করে। এ সময় এনসিপি নেতারা পুলিশি বাধা প্রত্যাহারের দাবি জানান।

এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত বলেন, মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে একটি সেতুর ওপর ট্রাক দিয়ে দলের নেতাদের গাড়িবহর আটকে দেওয়া হয়েছে। সেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন।

এর আগে মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে হবিগঞ্জ শহরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ তোলে এনসিপি। ওই ঘটনায় দলটির কয়েকজন নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়। এ ঘটনার পর বিএনপি ও এনসিপির মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

হবিগঞ্জের এক পুলিশ কর্মকর্তা জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। মৌলভীবাজার-হবিগঞ্জ সীমান্ত এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার সময় এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুরের শিকার হয়। হামলার সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপত্তার জন্য সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ তাদের সেখান থেকে উদ্ধার করে মৌলভীবাজারে নিয়ে যায়।

এরই ধারাবাহিকতায় বুধবার মৌলভীবাজারে পূর্বনির্ধারিত দুটি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই সময়ে জেলা বিএনপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচির ঘোষণায় উত্তেজনা আরও বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ১০০টির বেশি আফটারশক

শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ১০০টির বেশি আফটারশক

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা

সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা

রাকসু ভিপির বক্তব্যে আরটিজেএর উদ্বেগ ও নিন্দা

বক্তব্য প্রত্যাহারের দাবি রাকসু ভিপির বক্তব্যে আরটিজেএর উদ্বেগ ও নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App