সিলেট ডিসি অফিসের নম্বর হ্যাক করে বিকাশে টাকা দাবি
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:১৪ পিএম
ফাইল ছবি
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের একটি মোবাইল নম্বর হ্যাক করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্নজনের কাছে বিকাশে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। শনিবার (২২ আগস্ট) ওই নম্বর থেকে একাধিক ব্যক্তির কাছে জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর জন্য বার্তা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসন জানিয়েছে, নম্বরটি হ্যাক হওয়ার পর তা উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে ওই নম্বর থেকে কোনো ধরনের আর্থিক দাবি, লোভনীয় প্রস্তাব বা সন্দেহজনক বার্তা পেলে তাতে সাড়া না দিতে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সবাইকে সতর্ক করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা জানান, শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি নম্বর হ্যাক হওয়ার বিষয়টি জানা যায়। বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে নম্বরটি পুনরুদ্ধারের কার্যক্রম চলছে।
আরও পড়ুন: ‘এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়’, ছাত্রলীগ নেত্রীকে ছাত্রদল নেত্রী
তিনি আরও বলেন, হ্যাক হওয়া নম্বর ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে, যাতে কেউ প্রতারিত হয়ে আর্থিক ক্ষতির শিকার না হন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হ্যাক হওয়া নম্বরটি (০১৭৩০৩৩১০২২) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের ব্যবহৃত নম্বর। ওই নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্নজনকে বার্তা পাঠিয়ে জরুরি প্রয়োজনে টাকা চাওয়া হচ্ছে।
একজন সাংবাদিকের কাছে পাঠানো এমন একটি বার্তায় জরুরি ভিত্তিতে ১৫ হাজার টাকা পাঠানোর অনুরোধ জানানো হয়। একই সঙ্গে টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরও দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাক করা নম্বর ব্যবহার করে এ ধরনের আর্থিক প্রতারণা একটি সংঘবদ্ধ চক্রের কর্মকাণ্ড হতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জেলা প্রশাসনের সতর্কতা
হ্যাক হওয়া নম্বর থেকে কোনো ধরনের টাকা চাওয়া হলে তা বিশ্বাস না করে সরাসরি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
