এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়ন ও কার্যকরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়।
কমিটির রেজ্যুলেশন থেকে জানা গেছে, সভায় শিক্ষকদের বদলির বিষয়টি উত্থাপন করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
তিনি বলেন, অনেক নারী শিক্ষক নিজ জেলা থেকে দূরবর্তী স্থানে কর্মরত থাকায় পারিবারিক নানা সমস্যার মুখে পড়ছেন। তাঁর ভাষ্য, দূরে বদলির কারণে অনেকের সংসার ভেঙেছে, কেউ কেউ বিবাহবিচ্ছেদের শিকার হয়েছেন, আবার অনেকে চাকরি ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন।
এসব বিষয় বিবেচনায় নিয়ে নারী শিক্ষকদের জন্য সহায়ক একটি বদলি নীতিমালা জরুরি ভিত্তিতে প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় বিষয়টি নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে জানতে চাওয়া হয়। এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলির বিষয়টি তাঁদের সংস্থার আওতাভুক্ত নয়। বদলি ও এ-সংক্রান্ত অন্যান্য কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালনা করে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষকদের বদলির জন্য মন্ত্রণালয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে মাউশির মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করে বদলি কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বদলি কার্যক্রম পরিচালনার জন্য মাউশি ইতোমধ্যে একটি সফটওয়্যার তৈরি করেছে।
