সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম
ছবি: ভোরের কাগজ
সিলেট বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৪৫৫ জন।
আরও পড়ুন: রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে মজুত চাহিদার কয়েক গুণ
এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, উপশহর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম রহিম। তার বয়স দুই বছর। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাসিন্দা এবং তার পিতা আজাদ মিয়া। চিকিৎসাধীন অবস্থায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তার মৃত্যু হয়।
জেলা অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৬০ জন, হবিগঞ্জে ১৮ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত মোট ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৬৪ জন, হবিগঞ্জে ২২ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে।
