সিলেট বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
ছবি: সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে রুবেল আহমদ নামে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে এলাকায় এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে আনসার সদস্য মোজাম্মেল একটি গাড়িতে করে রানওয়েতে টহল দিচ্ছিলেন। এ সময় রানওয়েতে থাকা পাখি তাড়াতে তিনি নিজের কাছে থাকা শর্টগান দিয়ে গুলি ছোড়েন। গুলিটি গিয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমদের কোমরে লাগে।পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, রানওয়েতে পাখি তাড়ানোর সময় গাড়ি থেকে নেমে গুলি ছোড়ার নিয়ম রয়েছে। তবে আনসার সদস্য মোজাম্মেল গাড়িতে বসেই গুলি ছোড়েন বলে দাবি করেন তিনি। এ কারণেই ঘটনাটি ঘটেছে বলে তার ধারণা।
এ বিষয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ সংবাদ মাধ্যমকে জানান ‘গুলিটি ইচ্ছাকৃতভাবে ছোড়া হয়নি, দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে। আহত পরিচ্ছন্নতাকর্মীর আঘাতও তেমন গুরুতর নয়।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় নিয়মের কোনো ব্যত্যয় বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।’
