হাসিনার দেশে ফেরার ঘোষণার দিনে থাইল্যান্ডে পালাচ্ছিলেন যুবলীগ নেতা!
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম
এআই সম্পাদিত ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার দিন থাইল্যান্ডে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম বাসের আলম সিদ্দিকী। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে। তিনি ঝিনাইদহ-২ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র আরও জানায়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বাসের আলমের যোগাযোগ ছিল। যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে তাঁর ভারতে যাতায়াতের তথ্যও রয়েছে বলে সূত্রটির দাবি।
এ ছাড়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংগঠিত করতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন বলে জানা গেছে।
