জন্মদিনেও নেই বাড়তি আয়োজন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আজ (১ জুলাই) দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। তবে বিশেষ এই দিনটি ঘটা করে উদযাপনের কোনো পরিকল্পনা নেই তার। বরাবরের মতো এবারো কাছের মানুষ, বন্ধু-স্বজন ও ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসার মধ্যেই দিনটি কাটাতে চান তিনি। স¤প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, জন্মদিন নিয়ে তিনি কখনোই খুব বেশি আয়োজনের মানুষ নন। তার ভাষায়, ‘জন্মদিন থাকলেও খুব উদযাপন করার মানুষ আমি নই। বন্ধুবান্ধব, কাছের আত্মীয় আর অনুরাগীরা খুব ভালোবেসে মনে রাখেন। ভালো লাগে। ছোটবেলায় প্রজাপতি ড্রেস পরে জন্মদিন উদযাপনের স্মৃতি এখনো মনে আছে। তবে এখন এসব নিয়ে একটু লজ্জাও লাগে।’ জন্মদিনের আবহের মধ্যেই নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ‘অর্ধাঙ্গিনী’ ছবির সিক্যুয়েল হিসেবে নির্মিত এ সিনেমা নিয়ে বেশ আশাবাদী তিনি। জয়ার মতে, সফল কোনো ছবির দ্বিতীয় কিস্তি নির্মাণে চাপ থাকলেও এবারের গল্পে নাটকীয়তা আরো বেশি, যা দর্শকদের ভালো লাগবে। ছবিতে আবারো ‘মেঘনা’ চরিত্রে দেখা যাবে তাকে। দীর্ঘ বিরতির পর একই চরিত্রে ফিরে আসা প্রসঙ্গে জয়া বলেন, একটি চরিত্র শেষ হয়ে গেলেও তার কিছু অনুভূতি শিল্পীর ভেতরে থেকে যায়। নতুন কাজের সময় সেই অনুভূতিকেই আবার জাগিয়ে তুলতে হয়। সাক্ষাৎকারে ফুটবল নিয়েও কথা বলেন জয়া। তিনি জানান, তার প্রিয় দল পর্তুগাল। প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো হলেও লিওনেল মেসির খেলাও তার সমান ভালো লাগে। এর আগে রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ উপভোগ করলেও এবার আর মাঠে বসে খেলা দেখা হচ্ছে না। টলিউডে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বলেন, বাংলাদেশের শিল্পী হলেও কলকাতার চলচ্চিত্রাঙ্গনকে কখনোই নিজের বাইরের জায়গা মনে হয়নি। দুই বাংলার দর্শকের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।
