প্রত্যাশা ভেঙে বক্স অফিসে ব্যর্থ ‘সুপারগার্ল’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
হলিউডের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সুপারগার্ল’ মুক্তির পর বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। দুর্বল উদ্বোধনী আয়ের কারণে ছবিটি থেকে ১০০ থেকে ১২০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত লোকসানের আশঙ্কা করছেন বক্স অফিস বিশ্লেষকরা। নতুন ডিসি ইউনিভার্স গড়ে তোলার পথে এটি উঈ ঝঃঁফরড়ং-এর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহান্তে উত্তর আমেরিকায় ছবিটির আয় হয়েছে মাত্র ৩৭ দশমিক ১ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজারসহ মোট আয় দাঁড়িয়েছে ৬২ দশমিক ৬ মিলিয়ন ডলার, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও কম। গত সোমবার প্রকাশিত চূড়ান্ত হিসাবেও প্রত্যাশিত অঙ্কে পৌঁছাতে পারেনি ছবিটি। জানা গেছে, ‘সুপারগার্ল’ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৭০ মিলিয়ন ডলার এবং বিপণনে খরচ হয়েছে আরো ১২০ মিলিয়ন ডলার। অর্থাৎ প্রযোজনা ও প্রচারণার ব্যয় তুলতে ছবিটির আয় কমপক্ষে ৩০০ থেকে ৩৭৫ মিলিয়ন ডলারে পৌঁছানো প্রয়োজন। তবে বর্তমান আয়ের গতিধারা বলছে, ছবিটির বিশ্বব্যাপী মোট আয় ২০০ থেকে ২১০ মিলিয়ন ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। এমনটি হলে শুধুমাত্র প্রেক্ষাগৃহ প্রদর্শনী থেকেই ওয়ার্নার ব্রাদার্স-কে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি লোকসান গুনতে হতে পারে। ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় মিলি অ্যালকক সুপারগার্ল চরিত্রে অভিনয় করেছেন। জানা গেছে, এ ছবির জন্য তিনি প্রায় ৪ লাখ ডলার পারিশ্রমিক পেয়েছেন। পাশাপাশি ছবি বাণিজ্যিকভাবে সফল হলে অতিরিক্ত বোনাস পাওয়ারও সুযোগ ছিল তার। ‘সুপারগার্ল’ হচ্ছে গত বছরের ব্যবসাসফল ‘সুপারম্যান’-এর পর নতুন ডিসি ইউনিভার্সের দ্বিতীয় বড় প্রকল্প। জেমস গান ও পিটার সাফরান-এর নেতৃত্বে নির্মিত ‘সুপারম্যান’ বিশ্বব্যাপী ৬১৮ মিলিয়ন ডলার আয় করে দারুণ সাফল্য পেয়েছিল। কিন্তু সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে ‘সুপারগার্ল’। বক্স অফিস বিশ্লেষক জেফ বক বলেন, ‘সুপারগার্ল কখনোই এমন একটি চরিত্র ছিল না, যাকে ঘিরে বড় ধরনের ব্লকবাস্টার তৈরি হয়েছে। ছবিটি দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করতে পারেনি।’ অন্যদিকে, শন রবিনস মনে করেন, সুপারহিরো চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ কমে যায়নি; বরং একই ধরনের গল্প বারবার দেখার কারণে তারা এখন অনেক বেশি বাছাই করে সিনেমা দেখছেন। তার ভাষায়, “দর্শক শুধু সুপারহিরো নয়, নতুন ধরনের গল্পও খুঁজছেন।”
