চুয়েটে ক্লাস শুরু ৫ জুলাই
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৩ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অতিথি হিসেবে থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্থান সংকুলানের কারণে এবার ওরিয়েন্টেশন দুই পর্বে অনুষ্ঠিত হবে।
প্রথম পর্ব সকাল ৯টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবেন।
দ্বিতীয় পর্ব সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে পুরকৌশল, স্থাপত্য, যন্ত্রকৌশল, পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, পানিসম্পদ কৌশল এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
ওরিয়েন্টেশন শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে যাবেন। সেখানে বিভাগীয় কর্তৃপক্ষ নবীনদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবে এবং বিভাগভিত্তিক পরিচিতিমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে নির্ধারিত আসন পূর্ণ হয়েছে। এ কারণে শিক্ষার্থীদের সুবিধার্থে ওরিয়েন্টেশন দুই ধাপে আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস আগামী ৫ জুলাই থেকে শুরু হবে।
