দীর্ঘদিন পর একসঙ্গে ন্যান্সি-ইমরান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রোমান্টিক গানের জন্য বেশ জনপ্রিয় ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। দ্বৈত কণ্ঠে তারা উপহার দিয়েছেন বেশ কিছু মিষ্টিমধুর গান। দীর্ঘদিন পর আবারো একসঙ্গে কণ্ঠ দিলেন তারা। নতুন চলচ্চিত্র ‘শিকার’-এর জন্য তারা গেয়েছেন রোমান্টিক গান ‘দুজন মিলে বাঁচব এক জীবন’। গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকবি কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। গত রবিবার সন্ধ্যায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নির্মাতাদের আশা, মেলোডি ঘরানার এই গানটি দীর্ঘদিন পর ইমরান-ন্যান্সি জুটির পরিচিত রসায়ন আবারো ফিরিয়ে আনবে এবং শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। রেকর্ডিং শেষে গানটি নিয়ে উচ্ছ¡াস প্রকাশ করেন দুই শিল্পী। ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত সুন্দর যে, এটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’ ইমরান মাহমুদুল বলেন, ‘ন্যান্সি আপা আমাদের সংগীতের এক অনন্য কণ্ঠ। তার সঙ্গে ডুয়েট গান করা সবসময়ই বিশেষ অনুভূতির। এই গানটির জন্য আমরা দুজনেই অনেক দিন অপেক্ষা করছিলাম। আশা করছি, শ্রোতারা নিরাশ হবেন না।’
