প্রিয় দলের বিদায়ে আবেগঘন পোস্ট স্পর্শিয়ার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
২০২৬ ফুটবল বিশ্বকাপে বড় এক অঘটনের জন্ম দিয়েছে প্যারাগুয়ে। টাইব্রেকারের নাটকীয় লড়াইয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি। প্রিয় দলের এমন বিদায়ে মন খারাপ জার্মানির সমর্থকদের। তাদেরই একজন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ম্যাচ শেষে নিজের ফেসবুকে জার্মানির জার্সি পরা একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে হাসিমুখে ধরা দিলেও ক্যাপশনে ফুটে উঠেছে প্রিয় দলের হারে তার হতাশা, অভিমান আর অকৃত্রিম ভালোবাসা। স্পর্শিয়া লেখেন, ‘হারো, ভালো খেলে হারো। হারো, বড় দলের কাছে হারো। এভাবে হতাশ করতে থাকো, তবুও আমি সমর্থন করে যাব। যবে থেকে
ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকেই জার্মানিকে ভালোবাসি।’ তবে হতাশার মধ্যেও আশাবাদ হারাননি এই অভিনেত্রী।
জার্মান ফুটবলের গৌরবময় অতীতের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরো লেখেন, ‘একদিন এই জার্মান দল আবারো তাদের হারানো গৌরব ফিরে পাবে, ঠিক আগের মহান প্রজন্মগুলোর মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আপাতত, বাই বাই!’ স্পর্শিয়ার এই পোস্টে মন্তব্য করেছেন তার অনেক অনুসারীও। কেউ জার্মানির বিদায়ে আক্ষেপ প্রকাশ করেছেন, কেউ আবার বিশ্বাস রাখছেন- সময়ের ব্যবধানে আরো শক্তিশালী হয়ে ফিরবে দলটি।
উল্লেখ্য, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফেরে জার্মানি। নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ১-১ সমতায় থাকা ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের ইতিহাসে এর আগে টাইব্রেকারে কখনো হারেনি জার্মানি। আগের চারটি টাইব্রেকারেই জয় পেয়েছিল দলটি। তাই প্যারাগুয়ের কাছে এই হার জার্মান সমর্থকদের জন্য বাড়তি হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
