তারেক রহমান ও লি ছিয়াং বৈঠক
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রায় ৪৫ মিনিট ধরে এ বৈঠক হয়। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন-পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও স¤প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। বৈঠকের পরে গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভোজসভা আয়োজন করেন লি ছিয়াং। সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াওইউথাই থেকে মোটর শোভাযাত্রাসহকারে গ্রেট হল অব পিপলে পৌঁছেন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী।
শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পরে প্রধানমন্ত্রীকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং।
অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।
কমিউনিস্ট পার্টির নেতা হাইসিংয়ের সাক্ষাৎ : স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াওইউথাই-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইসিং।
প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, বৈঠকের শুরুতে লিউ হাইসিং সরকারপ্রধানের দায়িত্ব নেয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৯ বার চীন সফরের কথা উল্লেখ করে বলেন, ২০০১ সালে খালেদা জিয়ার চীন সফরের ছবি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
এদিন সকালেই নিজেদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)।
এ সমঝোতার কথা উল্লেখ করে লিউ হাইসিং বলেন, সমঝোতার ফলে গণমাধ্যম, থিংক ট্যাংক, জনগণের মধ্যে যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
চীন বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের দৃঢ় সমর্থক দাবি করে সিপিসির আন্তর্জাতিক বিভাগের প্রধান পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে বেইজিংয়ের সহযোগিতা প্রত্যাশা করেন। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে লিউ হাইসিং বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ আরো উন্নত জীবন লাভ করবে বলে তিনি আশাবাদী।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও স¤প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আর চীনের তরফে কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইইয়ান, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের : প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াওইউথাই-এ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি কুওইংয়ের বৈঠক হয়েছে। বৈঠকে তিস্তাসহ বিভিন্ন নদীর সমন্বিত ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন একমত হয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা চান। চীনের পানিসম্পদমন্ত্রী লি কুওইং ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিস্তা মহাপরিকল্পনা হল বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীকে ঘিরে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা; যার মূল লক্ষ্য-নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স¤প্রসারণ।
চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ আজ : আজ শুক্রবার গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে বৈঠক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে-সকালে গ্রেট হলে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাদুঘর পরিদর্শন। স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান। ওই সফরের আনুষ্ঠানিকতা সেরে সোমবার তিনি পৌঁছেন চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বুধবার বিকেলে তারেক রহমানের বেইজিংয়ে পৌঁছার মধ্য দিয়ে তিনদিনের রাষ্ট্রীয় সফর শুরু হয়।
