×

প্রথম পাতা

বিশ্বকাপে ‘কালো জাদু’ নেটদুনিয়ায় তোলপাড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপে ‘কালো জাদু’  নেটদুনিয়ায় তোলপাড়

ফুটবলে কৌশল, দক্ষতা আর ভাগ্যের পাশাপাশি কুসংস্কার ও রহস্যময় বিশ্বাসের গল্প খুব একটা নতুন নয়। বিশেষ করে আফ্রিকান ফুটবলে ‘কালো জাদু’ বা ‘জুজু’ একটি বহুল চর্চিত বিষয়। এবারের বিশ্বকাপে ঘানার এক তান্ত্রিক তারকা খেলোয়াড় হ্যারি কেইন এবং ইংল্যান্ড দলের ওপর ‘কালো জাদু’ করার দাবি করে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেন। এই আলোচনায় উঠে এসেছেন ঘানার স্বঘোষিত তান্ত্রিক, জাদুকর ও ওঝা নানা কওয়াকু বোনসাম। তার দাবি, হ্যারি কেইনের গোল না করার পেছনে কাজ করেছে তারই প্রয়োগ করা ‘আধ্যাত্মিক শক্তি’! এর আগে ২০২২ বিশ্বকাপে ক্যামেরুনের খেলোয়াড়েরা এবং আফ্রিকান কাপ অব নেশনসে নাইজেরিয়া ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচে এমন কালো জাদু বা আধ্যাত্মিক চর্চার অভিযোগ উঠেছিল। এই ধরনের ঘটনাগুলোকে অনেকে নিছক কুসংস্কার বা ফুটবলীয় লোকগাঁথা হিসেবেই বিবেচনা করা হয়।

গ্রুপ পর্বে ঘানা-ইংল্যান্ড ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। পুরো ম্যাচে ইংল্যান্ড আক্রমণে এগিয়ে থাকলেও জালের দেখা পায়নি। ইংলিশ অধিনায়ক কেইন বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন। ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা কওয়াকু বোনসামের একটি ভিডিও। সেখানে তিনি দাবি করেন, ঘানার স্বার্থে কেইনের ওপর তিনি সাময়িক একটি ‘অভিশাপ’ প্রয়োগ করেছিলেন।

ম্যাচের আগেই বোনসাম জানিয়েছিলেন, তিনি জানেন কীভাবে ইংল্যান্ডের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগের খেলোয়াড়কে নিষ্ক্রিয় করে রাখতে হয়। তার ভাষায়, তিনি কেইনের কোনো ক্ষতি চাননি; শুধু চেয়েছিলেন ঘানার বিপক্ষে যেন তিনি গোল করতে না পারেন।

ম্যাচের পর ফেসবুকে প্রকাশিত আরেকটি ভিডিওতে বোনসাম দাবি করেন, তিনি এখন হ্যারি কেইনের ওপর থেকে সেই প্রভাব সরিয়ে নিচ্ছেন, যাতে পরবর্তী ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক আবার গোল করতে পারেন। ভিডিওতে তাকে কিছু অদ্ভুত আচার-অনুষ্ঠান করতে দেখা যায়। নিজেকে তিনি ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক ব্যক্তি’ বলেও দাবি করেন।

এখানেই শেষ নয়। বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে গড়াবে বিশ্বফুটবলের এক রোমাঞ্চকর লড়াই। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে বিশ্বকাপের নবাগত দল কেপ ভার্দে। নক আউট পর্বের এই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা। তবে মাঠের ফুটবলের চেয়েও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি রহস্যময় বিষয়। এই ম্যাচ নিয়ে মন্তব্য করেছেন নানা কওয়াকু বোনসাম। তার মন্তব্য, নক আউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করবে কেপ ভার্দে। যদিও তার এই দাবিকে অনেকে নিছক কাকতালীয় মনে করছেন, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল বিতর্ক। তাছাড়া ভক্তদের মনে শঙ্কা বাড়িয়ে দিয়েছে। এছাড়া টুর্নামেন্টের শিরোপা জয়ের ক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদো ও পর্তুগালের নাম উল্লেখ করে ভবিষ্যদ্বাণী করেন বোনসাম।

ঘানার স্থানীয় ভাষায় ‘বোনসাম’ শব্দের অর্থ ‘শয়তান’ বা অশুভ আত্মা। তবে এটি তার প্রকৃত নাম নয়; নিজের পরিচিতি বাড়ানোর জন্যই তিনি এই উপাধি ব্যবহার করেন। ১৯৭৩ সালের ২০ আগস্ট ঘানায় জন্ম নেয়া বোনসাম নিজেকে ‘দ্য গ্রেট অথেন্টিক ম্যান’ নামে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ছোটবেলা থেকেই বোনসাম আফ্রিকার আকান নামের এক আদিবাসী স¤প্রদায়ের মাঝে বড় হয়ে উঠেছেন, যাদের মধ্যে তন্ত্রসাধনার ব্যাপক প্রচলন রয়েছে। তার চাচা পাপা কুমা কোফি অতসিওয়া ছিলেন একজন নামকরা ওঝা। চাচার সঙ্গেই আধ্যাত্মিক বিষয়ে তার হাতেখড়ি। বোনসামের দাবি, ১৯ বছর বয়সে গির্জায় যাওয়ার পথে বজ্রপাতের মতো এক রহস্যময় ঘটনার পর তিনি অলৌকিক শক্তির অধিকারী হন। বিতর্কের সঙ্গে বোনসামের সম্পর্ক অবশ্য এটাই প্রথম নয়। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। সেবার তিনি দাবি করেছিলেন, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর হাঁটুর চোটের পেছনে তার আধ্যাত্মিক শক্তির প্রভাব ছিল! যদিও রোনালদোর চোট বা পারফরম্যান্সের সঙ্গে তার দাবির কোনো বাস্তব সম্পর্ক কখনোই প্রমাণিত হয়নি।

ঘানার রাজধানী আক্রায় ৩টি আধ্যাত্মিক উপাসনালয় পরিচালনা করেন বোনসাম। তার দাবি, তিনি স্থানীয় দেবতা ‘কোফি ওডু’র আশীর্বাদে মানুষকে নানা সমস্যার সমাধান দিয়ে আসছেন। প্রতিদিন প্রায় ২৫ জন নারী-পুরুষ বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে আসেন। ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকেও মানুষ তার কাছে ছুটে আসেন বলে দাবি তার।

আধ্যাত্মিক পরিচয়ের বাইরে তার জীবনযাপনও বেশ বর্ণিল। দামি পোশাক, বিলাসবহুল গাড়ি ও জাঁকজমকপূর্ণ জীবনধারার জন্য তিনি প্রায়ই আলোচনায় থাকেন। ২০২০ সালে ঘানার অফিনসো নর্থ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন। নির্বাচিত হতে না পারলেও পেয়েছিলেন হাজারের বেশি ভোট।

ফুটবল বিশ্লেষকদের মতে, তারকাদের পারফরম্যান্সে কালো জাদুর প্রভাবের বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন ও নিছক কাকতালীয় ঘটনা। এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবু বড় টুর্নামেন্ট এলেই নানা কওয়াকু বোনসামকে ঘিরে রহস্য, কৌতূহল ও বিতর্ক নতুন করে ফিরে আসে, যা তাকে বিশ্ব ফুটবলের এক ব্যতিক্রমী ও বিনোদনদায়ী চরিত্রে পরিণত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে’

‘দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে’

ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আর নেই

ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আর নেই

‘হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবে সরকার’

‘হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবে সরকার’

৪ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

৪ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App