ডেলয়েটের সেরা ফিনটেক স্বীকৃতি পেল বাংলাদেশি উদ্যোক্তাদের ফান্ডেডনেক্সট
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:০২ পিএম
ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফিনটেক গ্রুপ ‘নেক্সট ভেঞ্চারস’-এর পণ্য ফান্ডেডনেক্সট মধ্যপ্রাচ্য ও সাইপ্রাস অঞ্চলের ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০ তালিকায় শীর্ষ ফিনটেক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সামগ্রিকভাবে দ্বিতীয় স্থান লাভ করেছে। সোমবার (২৯ জুন) এ ঘোষণা দেওয়া হয়।
বিশ্বের ‘বিগ ফোর’ অডিট প্রতিষ্ঠান ডেলয়েটের এ র্যাঙ্কিং গত চার বছরের স্বাধীনভাবে নিরীক্ষিত আয় বৃদ্ধির ভিত্তিতে নির্ধারণ করা হয়। এছাড়া ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (ইএমইএ) অঞ্চলের ২৪টি দেশের ৫০০টি দ্রুত বর্ধনশীল প্রযুক্তি প্রতিষ্ঠানের ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০০ তালিকায় ১১তম স্থান অর্জন করেছে ফান্ডেডনেক্সট। এ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠাতা সৈয়দ আবদুল্লাহ জায়েদ ও সৈয়দ আবদুল্লাহ গালিব প্রথম বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে এই বৈশ্বিক স্বীকৃতি পেলেন।
২০২২ সালে যাত্রা শুরু করা ফান্ডেডনেক্সট বর্তমানে বিশ্বের ১৭০টিরও বেশি দেশে সেবা দিচ্ছে। নেক্সট ভেঞ্চারসের পোর্টফোলিওতে ‘এফএনমার্কেটস’ নামে একটি নিয়ন্ত্রিত ব্রোকারেজ হাউসও রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় সংযুক্ত আরব আমিরাতে হলেও মালয়েশিয়া, সাইপ্রাস ও শ্রীলঙ্কায় রয়েছে অপারেশনাল হাব। অন্যদিকে বাংলাদেশ ব্যাক-অফিস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রতিষ্ঠানটির ‘নেক্সট বাংলাদেশ লিমিটেড’-এ পাঁচ শতাধিক কর্মী কাজ করছেন। পাশাপাশি এটি দেশের তথ্যপ্রযুক্তি খাতে বৈদেশিক রেমিট্যান্স অর্জনকারী অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
আরো পড়ুন : জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন
এই অর্জন প্রসঙ্গে সিইও সৈয়দ আবদুল্লাহ জায়েদ বলেন, "ডেলয়েট ফাস্ট ৫০-এ স্থান পাওয়া আমাদের জন্য অত্যন্ত বিশেষ এবং গর্বের। কারণ এই র্যাঙ্কিংয়ে কোনো প্রতিষ্ঠানের প্রভাব বিস্তারের সুযোগ নেই; এটি পুরোপুরি চার বছরের স্বাধীনভাবে নিরীক্ষিত আয়ের প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। বাংলাদেশি উদ্যোক্তাদের হাতে গড়া একটি প্রতিষ্ঠান আজ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দ্রুত বর্ধনশীল প্রযুক্তি সংস্থাগুলোর কাতারে সম্মানের সঙ্গে উচ্চারিত হচ্ছে, যা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।"
ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০-এর বিস্তারিত ফলাফল ডেলয়েটের অফিসিয়াল ওয়েবসাইট https://www.deloitte.com/middle-east/en/services/deloitte-private/services/technology-fast-50-5th-edition-results.html এই ঠিকানায় দেখা যাবে।
