×

প্রথম পাতা

ফুটবলেই ট্রাম্পকাণ্ডের জবাব দিলো বেলজিয়াম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফুটবলেই ট্রাম্পকাণ্ডের জবাব দিলো বেলজিয়াম

ফোলারাইন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন, ফিফাকে ঘিরে বিতর্ক-বিশ্বকাপের শেষ ষোলোর আগে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এ সবই। কিন্তু ম্যাচ শেষে আলোচনার বিষয় হয়ে দাঁড়াল বেলজিয়ামের দাপুটে ফুটবল। যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পর বেলজিয়াম কোচ হুডি গার্সিয়া জানিয়ে দিলেন, বিতর্ক নয়, জয় এসেছে মাঠের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়নের ফলেই। একই সঙ্গে বিতর্কের কেন্দ্রে থাকা বালোগানকে দোষ দিতেও অস্বীকৃতি জানান তিনি।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার ঘটনা। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখায় তার এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলার পর সেই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয় বলে দাবি ওঠে। ফিফা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভিন্ন অবস্থান নিলেও বিষয়টি ঘিরে তৈরি হয় ব্যাপক বিতর্ক।

তবে মাঠে সেই বিতর্কের কোনো প্রতিফলন দেখা যায়নি। বরং শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় বেলজিয়াম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বেলজিয়াম কোচ হুডি গার্সিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বালোগানকে ঘিরে আলোচিত ঘটনাটি তার দলের পারফরম্যান্সে কোনো ধরনের প্রভাব ফেলেনি।

গার্সিয়া বলেন, আমাদের অনুপ্রাণিত হতে এসবের প্রয়োজন ছিল না। আমাদের লক্ষ্য ছিল নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা। আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলাম, প্রতিপক্ষের চাপ এড়িয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে চেয়েছিলাম। খেলোয়াড়রা দারুণ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সেটিই করেছে। এটি আমাদের জন্য অসাধারণ একটি রাত ও কোয়ার্টার-ফাইনালে ওঠা বিশেষ অর্জন।

ম্যাচের আগে অবশ্য গার্সিয়া বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের কড়া সমালোচনা করেছিলেন। তার অভিযোগ ছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে ফুটবলের ন্যায্যতা প্রশ্নের মুখে পড়েছে। তবে ম্যাচ শেষে তার সুর ছিল ভিন্ন। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ডের প্রতি সহানুভূতিই প্রকাশ করেন তিনি। গার্সিয়া জানান, ম্যাচ শেষে বালোগান নিজেই তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। বেলজিয়াম কোচ বলেন, সে আমার সঙ্গে কথা বলতে এসেছিল। বিষয়টি আমার খুব ভালো লেগেছে। আমি তাকে বলেছি, এ ঘটনায় তার কোনো দোষ নেই। তাকে দায়ী করা যায় না। সে যেভাবে এসে কথা বলেছে, সেটি সত্যিই প্রশংসার যোগ্য।

অন্যদিকে যাকে ঘিরে এত আলোচনা, সেই বালোগান মাঠে নিজের ছাপ রাখতে পারেননি। পুরো ম্যাচে তিনি ছিলেন অনেকটাই নিষ্প্রভ। বেলজিয়ামের রক্ষণভাগের চাপে কার্যকর কোনো সুযোগই তৈরি করতে পারেননি এই ফরোয়ার্ড। ফলে তাকে খেলানোর সিদ্ধান্তও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনেনি। বেলজিয়ামের জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল দলগত ফুটবলের। আক্রমণ ও রক্ষণ-দুই বিভাগেই ছিল শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্স। শেষ দিকে বদলি হিসেবে নেমে রোমেলু লুকাকুর গোল যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত করে। গোলের পর ট্রাম্পের নাচের ভঙ্গিতে তার উদ্?যাপন ও পরে পুরো দলের একই ভঙ্গিতে নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ম্যাচ শেষে বেলজিয়াম ফুটবল ফেডারেশনও এক্সে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করে লেখে, এটা বদলাও-যা ট্রাম্পকে উদ্দেশ্য করেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

গার্সিয়ার মতে, ম্যাচের একটি মনস্তাত্ত্বিক দিকও ছিল। তিনি মনে করেন, চলতি বছরের মার্চে প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বেলজিয়ামের ৫-২ গোলের জয়ের স্মৃতি এবারো প্রতিপক্ষের ওপর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, ম্যাচের কিছু মুহূর্তে মনে হয়েছে, মার্চের সেই ম্যাচটি এখনো যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের মাথায় ছিল। তারা হয়তো সেই স্মৃতি পুরোপুরি ঝেড়ে ফেলতে পারেনি। সব মিলিয়ে শেষ ষোলোর এই লড়াই প্রমাণ করেছে, মাঠের ফল নির্ধারণ করে শেষ পর্যন্ত ফুটবলই। ম্যাচের আগে যত বিতর্কই থাকুক না কেন, বেলজিয়াম নিজেদের পরিকল্পনা, শৃঙ্খলা ও কার্যকর ফুটবলের মাধ্যমে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে কেন তারা কোয়ার্টার-ফাইনালের দাবিদার। আর বিতর্কের কেন্দ্রে থাকা বালোগানকে ঘিরে যত আলোচনা হয়েছে, ম্যাচ শেষে তাকে নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বেলজিয়ামের দাপুটে পারফরম্যান্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল এনসিপি নেতার

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল এনসিপি নেতার

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ

পাহাড়ধসের শঙ্কায় সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন

পাহাড়ধসের শঙ্কায় সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে থানচিতে আটকে পড়া ৯০ পর্যটক উদ্ধার

ভারী বর্ষণে থানচিতে আটকে পড়া ৯০ পর্যটক উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App