পঞ্চদশ সংশোধনী
শুনানি সম্পন্ন, রায় ঘোষণা আজ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। টানা ৩ দিনের শুনানি শেষে গতকাল বুধবার আদালত রায়ের জন্য এই দিনক্ষণ জানালেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে ছিলেন ড. শরীফ ভূঁইয়া। জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করার পাশাপাশি সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন করা হয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ কয়েকজনের করা একটি রিট আবেদনের নিষ্পত্তি করে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করে হাইকোর্ট। ওই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন রিট মামলার বাদীপক্ষ। পাশাপাশি জামায়াতে ইসলামী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন এ মামলায় পক্ষভুক্ত হয়ে আলাদাভাবে আপিল করেন। গত সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ মামলার শুনানি শুরু হয়। ৩ দিনের শুনানিতে পক্ষগুলো তাদের মতামত তুলে ধরে।
আপিলে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানালেও শুনানিতে সে অবস্থান থেকে কিছুটা সরে আসেন রিটকারীপক্ষের আইনজীবী শরীফ ভূইয়া। সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল এবং সংবিধানের ১০২ অনুচ্ছেদের সংশোধনীকে আইনি সুরক্ষায় রেখে সংশোধনীর বাকি অংশ অসাংবিধানিক ঘোষণার আর্জি জানান তিনি।
অন্যদিকে জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল না করে যেসব অংশ মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, কেবল সেগুলো বাতিল করে বাকি নীতিগত সিদ্ধান্ত নেয়ার ভার সংসদের ওপর ছেড়ে দেয়ার আর্জি জানান।
