জলমগ্ন রেললাইন
কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্থগিত
চট্টগ্রাম অফিস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। পানি নেমে রেললাইন নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত এ রুটে কোনো ট্রেন চলাচল করবে না।
গতকাল বুধবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী শমসেরপাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেললাইন দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। মঙ্গলবার (৭ জুলাই) থেকে ওই অংশে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। রেজাউল করিম সিদ্দিকী জানান, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। পানি নেমে যাওয়ার পর প্রকৌশলীরা রেলপথ পরিদর্শন করবেন। রেললাইন নিরাপদ বলে নিশ্চিত হলে যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।
এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম থেকে আর কক্সবাজারের দিকে যেতে পারেনি। ট্রেনটি বুধবার বিকাল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার সকালে ডুবে যাওয়া রেললাইন সরজমিনে দেখতে শমসেরপাড়া এলাকায় ছুটে আসেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘রেললাইনের কয়েক ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় ট্রেন চালানো হলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনা এড়াতেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
‘যাত্রীদের ভোগান্তির প্রসঙ্গে প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, ‘টিকেটের টাকা যাত্রীদের ফিরিয়ে দেয়া হবে।’ দীর্ঘমেয়াদি সমাধানের ইঙ্গিত দিয়ে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ভারী বর্ষণেও যেন লাইন আর না ডুবে, সে জন্য রেললাইন পাঁচ ফুট পর্যন্ত উঁচু করার পরিকল্পনা সরকারের রয়েছে।
এই পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা আরো জানান, গন্তব্যে পৌঁছাতে না পেরে পথে আটকে পড়া যাত্রীদের ট্রেনে করে ঢাকায় ফেরার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তারা সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে টিকেটের মূল্য ফেরত নিতে পারবেন। স্থগিত হওয়া অন্যান্য ট্রেনের যাত্রীরাও একইভাবে টিকেটের অর্থ ফেরত পাবেন।
আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট এ পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।
