বায়ুদূষণের তালিকায় ঢাকা ১৮তম
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। গতকাল শনিবার বাংলাদেশের বায়ুমান স্কোর ছিল ৮৬। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৮।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমানবিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এমনটাই জানানো হয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্ববৃহৎ শহর ডেট্রয়েট। যার বায়ুমান স্কোর ২২৫। তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। যার বায়ুমান স্কোর ১৬৯। তৃতীয় অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যার বায়ুমান স্কোর ছিল ১৬৯। চতুর্থ অবস্থানে থাকা উত্তর আমেরিকার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বায়ুমান স্কোর ছিল ১৬৭, এছাড়া তালিকার পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুমান স্কোর ছিল ১৫৭।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের প্রধান উৎস হলো যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন। তাদের মতে, এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই পদক্ষেপ না নিলে বায়ুর মানে স্থায়ী উন্নতি আনা সম্ভব নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণের কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।
