×

প্রথম পাতা

দীনেশ ত্রিবেদী

এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা যাবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা যাবে না

বাংলাদেশ ও ভারতের জনগণের যাতে মঙ্গল হয়, সেভাবেই তিস্তা ও গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে অগ্রসর হওয়ার আশা দেখালেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিশ্চিত হোক, ওয়ার্কিং গ্রুপ তাদের কাগজপত্র নিয়ে বসুক, সবকিছু ইতিবাচক হবে। এমন কোনো সমস্যা নাই, যেটা পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে সমাধান করা যাবে না। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তিই হবে উভয় পক্ষের মানুষের পারস্পরিক সুবিধা।

গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন দীনেশ ত্রিবেদী। তিনি দায়িত্ব গ্রহণের এক মাস পর দুই মন্ত্রীর সঙ্গে এই বৈঠক হল। ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে ঢাকায় আনুষ্ঠানিক মিশন শুরু করেন দীনেশ ত্রিবেদী।

বহু বছর ধরে আটকে থাকা তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে প্রশ্ন করলে ভারতীয় দূত বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। সৌজন্য সাক্ষাতে দেখা সাক্ষাৎ হয়। দিন শেষে বিষয়টা হল জনগণ থেকে জনগণের, যেটা দুই গণতান্ত্রিক দেশ এবং জনগণের জন্য উপকার হয়, সেটাই।

গঙ্গা চুক্তির নবায়ন প্রসঙ্গে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজকে এটা বলতে পারি, এটা নিয়ে ওদের একটা ওয়ার্কিং গ্রুপ আছে। ওখানে আমাদের ভারতীয়রাও আছে, বাংলাদেশও আছে। ওয়ার্কিং গ্রুপের নিশ্চয় মেলামেশা হবে। আমি যেভাবে বলেছি, এমন কোনো ইস্যু নেই, যেটা সমাধান করা যাবে না। ওয়ার্কিং গ্রুপ নিশ্চয় সক্রিয়ভাবে তাদের কাজ করে যাবে। দুদেশের জনগণের জন্য যেটা উপকারী, সেটা নিশ্চয় হবে।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে এই বৈঠকটিকে আমি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করি। এটি খুবই উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, কারণ আমাদের ইস্যু বা বিষয়গুলো সবই এক।

দীনেশ ত্রিবেদী বলেন, আমি আপনাদের বলতে পারি যে, ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে, এমনকি খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট নিয়ে আমরা সব বিষয়েই কথা বলেছি। আমি এখান থেকে খুবই আনন্দ নিয়ে ফিরে যাচ্ছি এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে, মন্ত্রীরা আমাকে এতটা সময় দিয়েছেন।

ভারতীয় হাই কমিশনার বলেন, আপনারা জানেন যে, আমরা ভিসা উন্মুক্ত করেছি। তাই উভয় দেশের মানুষের পারস্পরিক সুবিধার জন্য ভারত ও বাংলাদেশ উভয় দিক থেকেই মানুষ অত্যন্ত আনন্দিত। আর এই সম্পর্ক ঐতিহাসিক। আমরা শুধু সীমানাই ভাগ করে নিই না, বরং ইতিহাস, সংস্কৃতি এবং স্বপ্নও ভাগ করে নিই। তাই বৈঠক খুবই ভালো হয়েছে। আর আমি এমন একটি সম্পর্কের দিকে তাকিয়ে আছি, যার মূল ভিত্তিই হবে উভয় পক্ষের মানুষের পারস্পরিক সুবিধা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরে এ বিষয়ে ইতিবাচক কিছু হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, আমি নিশ্চিত, যখন মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করবেন এবং ওয়ার্কিং গ্রুপ তাদের নিজেদের কাগজপত্র উপস্থাপন করবে। সুতরাং সবকিছু ইতিবাচক হওয়ার প্রতীক্ষায় আমি আছি। অনেক ইতিবাচকতা নিয়ে অসাধারণ বৈঠক হয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে আরেক প্রশ্নে তিনি বলেন, আমি মনে করি, এটা মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার। অবশ্য আমাদের দিক আমি বলতে পারি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং আমি নিশ্চিত, অদূর ভবিষ্যতে এটা হবে। আমরা খুবই আশাবাদী এবং আমরা সেই প্রতীক্ষায় আছি।

উল্লেখ্য, আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ন?রেন্দ্র মো?দি। বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি আন্তঃসরকারি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক জোট ব্রিকসের দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। তবে সাম্প্রতিক বছরগুলোতে জোটের পরিধি আরো বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন হেয়ারস্টাইলে ফের আলোচনায় কুকুরেয়া

নতুন হেয়ারস্টাইলে ফের আলোচনায় কুকুরেয়া

বিশ্বকাপের হতাশা কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

বিশ্বকাপের হতাশা কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আসামের বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন সালমান-আলিয়া

আসামের বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন সালমান-আলিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App