সকাল থেকে বৃষ্টিতে ভিজছে রাজধানী, ভোগান্তিতে মানুষ
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:২১ এএম
ছবি: সংগৃহীত
সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টিতে ভিজছে শহর। ফলে গরমের তীব্রতা কিছুটা কমে দিনের শুরু থেকেই কিছুটা স্বস্থি মিললেও ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।
রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগ, মতিঝিল, বাড্ডা, রামপুরা, উত্তরা, বনানী ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় সকালে থেকেই বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কে পানি জমে যানবাহনের গতি কমে যায়। ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ধীরগতির যান চলাচল এবং যানজটের সৃষ্টি হয়।
বৃষ্টির কারণে রাস্তায় অনেক মানুষকেই ছাতা হাতে বা রেইনকোট ব্যবহার করতে দেখা গেছে। আবার বাসস্ট্যান্ড ও বিভিন্ন স্থাপনার নিচে আশ্রয় নিয়ে বৃষ্টি কমার অপেক্ষা করছেন অনেকেই। এদিকে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষের আয়-রোজগারেও সাময়িক প্রভাব পড়েছে।
এদিকে রাজধানী ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য, অর্থাৎ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসের বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে।
