×

প্রথম পাতা

আশ্বাস প্রধানমন্ত্রীর

গ্যাস সংকটে ধুঁকছে শিল্প খাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্যাস সংকটে ধুঁকছে শিল্প খাত

কয়েকদিন ধরে চলা গ্যাস সংকটে ধুঁকছে উৎপাদনমুখী শিল্প খাত। পরিবহন ও রান্না-বান্নায় ঘটছে বিঘ্ন। এই পরিস্থিতিতে রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোকে সিএনজি ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারের মাধ্যমে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) সংগ্রহের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছে দেশের দুই শীর্ষ পোশাকশিল্প সংগঠন- বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। এদিকে দেশের শিল্প খাতে চলমান গ্যাস সংকট সমাধানে উদ্যোগ নেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে গঠিত উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় এ বিষয়ে আলোচনা হয়।

মহেশখালীর একটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গোটা দেশে তীব্র গ্যাস সংকট চলছে। স্থবির হয়ে পড়েছে শিল্প কারখানা।

এই পরিস্থিতিতে গতকাল বুধবার পৃথক চিঠিতে বিজিএমইএ ও বিকেএমইএ সরকারকে জানায়, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানাগুলোকে সাময়িকভাবে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সংগ্রহের সুযোগ দেয়া হলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখা সম্ভব হবে। ২৭ জুলাই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সব সিএনজি ফিলিং স্টেশনকে নির্দেশ দেয়, অনুমোদিত যানবাহনের বাইরে খোলা সিলিন্ডার বা গ্যাস ক্যাসকেডে প্রাকৃতিক গ্যাস বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। সংস্থাটির ভাষ্য, এই ধরনের গ্যাস সরবরাহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি গ্যাস আইন-২০১০ ও গ্যাস বিতরণ বিধিমালা-২০২৬-এর পরিপন্থি।

তিতাস তাদের চিঠিতে জানায়, অননুমোদিত সিলিন্ডারে গ্যাস সরবরাহ অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই নির্দেশনা অমান্য করলে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হতে পারে।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতির কাছে পাঠানো চিঠিতে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, দেশের তৈরি পোশাক শিল্প অর্থনীতির প্রধান চালিকাশক্তি। এই খাত সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনের পাশাপাশি লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি উল্লেখ করেন, মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শিল্পাঞ্চলে ভয়াবহ গ্যাস সংকট দেখা দিয়েছে। অনেক কারখানায় গ্যাসের চাপ শূন্য পিএসআইয়ে নেমে এসেছে। ফলে উৎপাদন অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে।

বিজিএমইএর দাবি, যেসব কারখানার প্রয়োজন রয়েছে, তাদের সাময়িকভাবে সিএনজি ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সংগ্রহের সুযোগ দেয়া হলে উৎপাদন ও রপ্তানি প্রতিশ্রæতি রক্ষা করা সম্ভব হবে। তবে তিতাসের সাম্প্রতিক নির্দেশনার কারণে অনেক ফিলিং স্টেশন সিলিন্ডারে গ্যাস দিতে অনাগ্রহী হয়ে পড়েছে বলেও সংগঠনটি উল্লেখ করেছে।

অপরদিকে বিকেএমইএ তাদের সদস্যদের উদ্দেশে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, তিতাসের নির্দেশনার পর সংগঠনের সভাপতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

বিকেএমইএর দাবি, রপ্তানিমুখী শিল্পে গ্যাস সরবরাহ ব্যাহত হলে উৎপাদন ও রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে- এ বিষয়টি অবহিত করার পর জ্বালানি বিভাগের সচিব তিতাসের ব্যবস্থাপনা পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন, যাতে রপ্তানিমুখী কারখানাগুলো আগের মতো সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সংগ্রহ করতে পারে।

সংগঠনটি সদস্য কারখানাগুলোকে গ্যাস সংগ্রহের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান ও সব ধরনের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বিকল্প এলএনজি (মোবাইল গ্যাস) ব্যবস্থা থাকলে তা সর্বোচ্চ সক্ষমতায় ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে।

বিকেএমইএ জানিয়েছে, বর্তমান গ্যাস সংকট আগামী ৮ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও সংগঠনটি জানিয়েছে।

এক্সিলারেট এনার্জি পরিচালিত মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫০ থেকে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাবে শিল্পকারখানা, আবাসিক গ্রাহক, সিএনজি ফিলিং স্টেশন এবং গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে তীব্র সংকট দেখা দিয়েছে।

সরকার ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত টার্মিনালটি দ্রুত চালু করতে প্রয়োজনীয় বিকল্প যন্ত্রাংশ আমদানির উদ্যোগ নিয়েছে। তবে ততদিন পর্যন্ত গ্যাস সংকট মোকাবিলায় শিল্পখাতের জন্য অন্তর্বর্তী সমাধান খুঁজতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওপর চাপ বাড়ছে।

এদিকে গ্যাস সংকটে টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে গঠিত উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সমস্যাগুলো সমাধানের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়ার বিষয়ে মতামত ব্যক্ত করেন। সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করতে আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরবর্তী সভা আয়োজনের নির্দেশনা দেন।

সভায় কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২২ জুলাই বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করে টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে। ওই বৈঠকেই প্রধানমন্ত্রী সমস্যাগুলো সমাধানের প্রস্তাব প্রণয়নের জন্য একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের সমস্যার ব্যাপারে পুরোপুরি ওয়াকিবহাল এবং সমস্যা সমাধানে বেশ আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই তিনি তাৎক্ষণিক বিরাজমান সমস্যা সমূহের সমাধানের প্রস্তাব প্রণয়নে সরকারের উচ্চ পর্যায়ের এই আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছেন।

বিটিএমএর প্রেসিডেন্ট শওকাত আজিজ রাসেল টেক্সটাইল খাতের মূল সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়গুলো সভায় উপস্থাপন করেন। সমস্যা সমাধানের ব্যাপারে কমিটির সদস্য ও বিটিএমএ প্রতিনিধি দলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিটিএমএর প্রতিনিধি দলে ছিলেন- পরিচালক মো. বাদশা মিয়া, সাবেক সহ-সভাপতি হোসেন মেহমুদ, সাবেক পরিচালক মো. মোশারফ হোসেন, সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন হেয়ারস্টাইলে ফের আলোচনায় কুকুরেয়া

নতুন হেয়ারস্টাইলে ফের আলোচনায় কুকুরেয়া

বিশ্বকাপের হতাশা কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

বিশ্বকাপের হতাশা কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আসামের বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন সালমান-আলিয়া

আসামের বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন সালমান-আলিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App