×

প্রথম পাতা

আলিয়া মাদ্রাসায় উত্তেজনা সংঘর্ষের শঙ্কায় ব্যারিকেড

Icon

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আলিয়া মাদ্রাসায় উত্তেজনা সংঘর্ষের শঙ্কায় ব্যারিকেড

ছবি: সংগৃহীত

কাগজ প্রতিবেদক

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় আবাসিক হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ফের উত্তেজনা দেখা দিয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৈধ শিক্ষার্থীদের হলে ওঠার উদ্যোগকে ঘিরে গতকাল শনিবার দুপুরে বকশীবাজার মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। মাদ্রাসার ভেতরে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান ও বাইরে ছাত্রশিবিরের নেতাকর্মী এবং বৈধ শিক্ষার্থীদের উপস্থিতিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হলে পুরো এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা। গতকাল দুপুর ১২টার পর বকশীবাজার মোড়ে ছাত্রশিবিরের হল শাখার নেতাকর্মী ও বৈধ সাধারণ শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান নেয়ার উদ্দেশ্যে জড়ো হন। তবে পুলিশ তাদের মাদ্রাসার ভেতরে একসঙ্গে প্রবেশে বাধা দেয়। এ সময় মাদ্রাসার গেট, আলিয়া মাদ্রাসা সড়ক ও বকশীবাজার মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

অ্যাডমিট কার্ড দেখিয়ে প্রবেশ, হলের কার্ড থাকলেও বাধা : পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড যাচাই করে কয়েকজনকে মাদ্রাসায় প্রবেশের সুযোগ দেয়া হয়েছে। তবে যেসব শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড আবাসিক হলের কক্ষে ছিল, তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি বলে অভিযোগ করেছে ছাত্রশিবির। ছাত্রশিবিরের নেতারা দাবি করেন, হলের কক্ষে থাকা অ্যাডমিট কার্ড

সংগ্রহ করতে পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারতেন। কিন্তু তাদের হলে প্রবেশের অনুমতি না দেয়ায় কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এর আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। একটি পক্ষ শনিবার মাদ্রাসায় প্রবেশের ঘোষণা দেয়ায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখে মাদ্রাসার দিকে প্রবেশের সুযোগ দেয়া হলেও তারা দলবদ্ধভাবে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। কোনো বিষয়ে কথা থাকলে দু-একজন প্রতিনিধিকে অধ্যক্ষের সঙ্গে দেখা করার পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু তারা সবাই একসঙ্গে প্রবেশের কথা বলায় নিরাপত্তার স্বার্থে তাদের বাধা দেয়া হয়। পাশাপাশি কোনো বহিরাগতকেও মাদ্রাসার ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি বলে জানান ওসি।

আমরা শিবিরের জন্য আসিনি : আলিয়া মাদ্রাসার হল শাখা

ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলীম বলেন, তারা শনিবার সকালে মূলত দুটি উদ্দেশ্যে মাদ্রাসায় এসেছিলেন। এর একটি ছিল শান্তিপূর্ণভাবে আবাসিক হলে অবস্থান নেয়া। তার দাবি, বৈধ হল কার্ডধারী শিক্ষার্থীদের হলে প্রবেশের সুযোগ দেয়া হয়নি। অথচ ছাত্রদলের শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন। আব্দুল আলীম বলেন, আমরা ইসলামী ছাত্রশিবিরের জন্য আসিনি। আমাদের দাবি- বৈধ ছাত্র ছাড়া ছাত্রদল বা শিবির পরিচয়ে কেউ হলে থাকবে না। হলে শুধু বৈধ শিক্ষার্থীরাই অবস্থান করবে। তিনি আরো অভিযোগ করেন, পরীক্ষার্থীদের নিরাপত্তার মধ্যে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করতে পারেনি মাদ্রাসা প্রশাসন। ফলে কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি।

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি : হলে প্রবেশ ও পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে আজ রবিবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে। আব্দুল আলীম জানান, তাদের পক্ষ থেকে আজ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এ আন্দোলনে দেশবাসী ও ছাত্রসমাজকে সম্পৃক্ত করার কথাও জানান তিনি।

আড়াইটায় এলাকা ছাড়েন শিবিরের শিক্ষার্থীরা : গতকাল দুপুরে পুলিশি ব্যারিকেড ও নিরাপত্তা জোরদারের মধ্যেই প্রায় আড়াইটার দিকে ছাত্রশিবিরের নেতাকর্মী ও শিক্ষার্থীরা বকশীবাজার এলাকা ত্যাগ করেন। তবে এরপরও মাদ্রাসার গেট, সড়ক ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। এদিকে দুপুর ১২টার দিকে বকশীবাজার মোড়ে ব্যারিকেড দেয়ায় মাদ্রাসার দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে মাদ্রাসার ভেতর থেকে বকশীবাজারের দিকে যানবাহন বের হতে দেখা গেছে। আবাসিক হলের নিয়ন্ত্রণ ও বৈধ শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিয়ে দুই পক্ষের বিরোধের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, মামলায় আসামি নেই

মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, মামলায় আসামি নেই

দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

দৈনিক মজুরি ৫০০ টাকাসহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

দৈনিক মজুরি ৫০০ টাকাসহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App