নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
নভেম্বরে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। তারা অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানান তারা। দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো সম্প্রসারণের বিষয়ে অভিন্ন আগ্রহের কথা তুলে ধরেন।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সমসাময়িক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি, বিশেষ করে অর্থনীতি ও প্রতিরক্ষা খাতের পারস্পরিক সহযোগিতা নিয়ে উভয় পক্ষ গভীর সন্তোষ প্রকাশ করে। সম্পর্ককে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে নভেম্বরে তুরস্ক সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বার্ষিক বৈশ্বিক সম্মেলন ‘কপ-৩১’ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে এবারের সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা রোধ ও জলবায়ুর ক্ষতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
