মুগ্ধতা ছড়াল ভিক্টর হুগো নিয়ে ‘সৌধ’র পরিবেশনা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
উনবিংশ শতকে বিশ্বের অন্যতম প্রধান কবি, ঔপন্যাসিক ও চিত্রশিল্পী ভিক্টর হুগোর ‘ওডস এট বেলাডেস’ কাব্যগ্রন্থের দুশ বছর উদযাপন উপলক্ষে ঢাকায় ফ্রান্সের সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ান্স ফ্রসেসের নুভেল ভ্যাগ মিলনায়তনে অনুষ্ঠিত সৌধের কবিতা ও সংগীতালেখ্য ‘হুগো থ্রু বেঙ্গলি মিস্টিক্স’ নিয়ে উচ্ছ¡সিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকার শিল্পপিপাসু দর্শকেরা।
অনুষ্ঠানে শেষে একুশেপদক ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী লেখক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক জানান, ঢাকায় এই মাপের অনুষ্ঠান খুব কম উপভোগ করেছি। ভিক্টর হুগোকে পুনর্পাঠের ক্ষেত্রে এ রকম অপূর্ব পরিবেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
আলিয়স ফ্রসেসের পরিচালক ফ্রাসোয়া শাম্ব্রু বলেন, প্রাচ্য ও প্রতিচ্যের এ রকম সম্মোহনী অভিসার বাংলাদেশে আমি পরিচালক থাকাকালে কিছু দেখেছি বলে মনে পড়ে না। ভিক্টর হুগোর কবিতা দিয়ে প্রকারান্তরে বাংলার মরমি সংগীতের সৌন্দর্য আবিষ্কার করতে পেরে আমি অভিভূত বোধ করছি। সৌধকে আমি অমন্ত্রণ জানিয়ে রাখছি যেন বছরের বিভিন্ন সময় আমাদের এই ভ্যানুতে এ রকম আরো নতুন নতুন শিল্প-প্রকল্প মঞ্চায়নের উদ্যোগ গ্রহণ করে।
কবি ও সাংবাদিক জুনান নাশিত জানান, ঢাকায় এই মাপের অনুষ্ঠান দেখতে পারা রীতিমতো সৌভাগ্যের। এই সুযোগগুলো আমাদের জন্যে খুব সচরাচর আসে না। মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেছি প্রায় প্রতিটি মুহূর্ত- কী সংগীত, কী হুগোর হৃদয়স্পর্শী কবিতা! অথবা দুই ঐতিহ্য সম্মিলনের ধারণাটুকুও!
সৌধ পরিচালক টি এম কায়সার জানান, আমাদের জন্য এই অসামান্য অভিজ্ঞতা খুব তৃপ্তির, বিশেষত যখন আমরা ব্রিটেনের গণ্ডি পার হয়ে দক্ষিণ এশিয়া ইউরোপ বা প্রতীচ্যের অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ার উদ্যোগ গ্রহণ করেছি আমাদের বিচিত্র শিল্পপ্রকল্প দিয়ে। পিনপতন নিরবতা নিয়ে কাণায় কাণায় পূর্ণ অডিটোরিয়ামে নগরীর স্বনামধন্য কবি, লেখক, সংগীতশিল্পী, বুদ্ধিজীবী, নাট্য-নৃত্য-অভিনয়শিল্পী, একাডেমিক, আইনজীবী ও শিল্পপিপাসু দর্শকেরা আমাদের এই পরিবেশনা আদ্যোপান্ত উপভোগ করেছেন, আমাদের কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন- এটুকু প্রত্যাশার চেয়েও বেশি। ব্রিটেনে আমাদের কাজ নিয়ে ঢাকার শিল্পবোদ্ধাদের মাঝে যে কৌতূহল লক্ষ্য করেছি তা-ও ভীষণ আনন্দের। প্রায় অর্ধেকেরও বেশি দর্শক স্থান-সংকুলানের অভাবে হলে প্রবেশ করতে না পেরে ক্যাফেতে বসে অপেক্ষা করেছেন শুধু আমাদের কাজ নিয়ে তাদের ভালোবাসার কথা জানাতে- এটা ভাবলেই মনে হয় আমাদের যথাসাধ্য প্রচেষ্টাটুকু হয়তো একটা দৃশ্যমান অর্থ তৈরি করছে।
টি এম আহমেদ কায়সারের পরিচালনায় অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে সংগীত পরিবেশন করেন তরুণ ব্যানজো বাদক সাব্বির শাহ, ইতালিয়ান জ্যাজশিল্পী মার্থা , চিত্রশিল্পী তারেক আমিন, সরোদ বাদক রুমন তারা। ভিক্টর হুগো থেকে পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুনাসিব কামাল। আলোক প্রক্ষেপণ, কবিতা ও সংগীতের দৃশ্য-ভাষ্য রচনায় আছেন আলোকচিত্রী পাবলো খালেদ। নেপথ্য ব্যবস্থাপনা ও ভিডিও ডকুমেন্টেশনে ছিলেন তরুণ চলচ্চত্রকার মৃত্তিকা কামাল ও উজান।
ব্রিটেনে দক্ষিণ এশীয় ধ্রুপদি শিল্পের শীর্ষ সংস্থা সৌধ গত পনেরো বছর ধরে রয়াল আলবার্ট হল, সাউথব্যাংক সেন্টার, হাউজ অব কমন্স, স্কটিশ পার্লামেন্ট, ওয়েলশ পার্লামেন্টসহ ব্রিটেনের প্রায় উল্লেখযোগ্য সব আর্ট ও একাডেমিক ভেন্যুতে বিশ্বের বিভিন্ন ধ্রুপদি শিল্পের সমন্বয়ধর্মী সম্মোহনীপরিবেশনা দিয়ে মূলধারার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
