×

শেষের পাতা

‘শ্রাবণের মেঘগুলো’ গানে সয়লাব ফেসবুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘শ্রাবণের মেঘগুলো’ গানে সয়লাব ফেসবুক

ঘটনার সূত্রপাত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বিউটি রাণী পালের একটি ভিডিও নিয়ে। গত ২৩ জুলাই তিনি ফেসবুকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। তাতে নীল রঙা শাড়ি পরে হাঁটতে দেখা যায় তাকে। ওই ভিডিওতে বাজছিল চার দশক আগের জনপ্রিয় ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি। গত বৃহস্পতিবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের ‘সমালোচনার মুখে পড়েন’ তিনি। এরপর এই গানটি যেন হয়ে উঠে প্রতিবাদের প্রতীক। দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষিক এ গান ব্যবহার করে নিজেদের নিয়ে তৈরি করা ভিডিও ফেসবুকে প্রকাশ করে বিউটির প্রতি সংহতি প্রকাশ করছেন। কেউ গানের সঙ্গে ঝাড়ু দেয়ার ভিডিও বানিয়েছেন, কেউ বা স্কুটি চালানোর ভিডিও দিয়েছেন, সেখানেও বাজছে আশির দশকের শেষের দিকের জনপ্রিয় এই গানটি।

এদিকে ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও সমালোচনা শুরু হলে প্রতিবাদে অনেক নারী একই ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। বিউটি রাণীর পক্ষে পোস্ট দিয়ে সংহতি প্রকাশ করছেন অনেকে।

বিউটির ফেসবুক রিল ভিডিও প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আমি ভিডিওটি দেখিনি। আমার সোশ্যাল মিডিয়াও নেই। তবে কয়েকজন আমাকে বলেছেন, একজন শিক্ষিকা গান গেয়ে একটি ভিডিও আপলোড করেছেন। এটিতে কোনো অশ্লীলতা নেই। যদি অশ্লীলতা না থাকে তাহলে গান গাওয়া অন্যায়- এটি আর কেউ মানুক না মানুক আমি মানতে রাজি না। বাকি ভিডিওটি আমি দেখিনি, এটি নিয়ে আমি মন্তব্য করতে পারি না।

এদিকে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে নেতিবাচক ক্যাপশন দিয়ে আসিফ ইকবাল ইরন নামে এক প্রবাসী তরুণ ভিডিওটি ছড়িয়ে দেন। তার বিরুদ্ধে সাইবার বুলিং ও সামাজিকভাবে হেনস্তার অভিযোগ তুলেছেন শিক্ষিকা বিউটি পাল। তার ভাষ্য, আসিফ আমার ভিডিওটা ডাউনলোড করে নিয়ে উনার পত্রিকায় নিউজ করেছেন এবং উনার ব্যক্তিগত ফেসবুক পেজেও আমার সম্পর্কে আজেবাজে লিখেছেন।

বিউটির অভিযোগ, আসিফ ইকবাল ইরনের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করায় ক্ষুব্ধ হয়ে তিনি এ কাজ করেছেন। হিরণ ফোন করে ব্যক্তিগত বিভিন্ন প্রশ্ন যেমন- বাড়ি কোথায়, তিনি স্থানীয় কি না? করে তাকে হেনস্তার চেষ্টা করেন। পোস্টটি মুছে ফেলার অনুরোধ জানালেও তিনি তাতে সাড়া দেননি। তিনি বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত, এভাবে সামাজিকভাবে হেনস্তা করা কাম্য নয়। সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়ে বিউটি বলেন, শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দেয়া হলে সমাজ আরো নৈতিক হবে।

ভিডিও ঘিরে সমালোচনার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি আসলে রিল (গানসহ ছোট ভিডিও) বানাতে জানি না। এক সহকর্মীর কাছে জানতে চেয়েছিলাম কীভাবে রিল বানানো হয়। স্কুল ছুটির পর বিদ্যালয়ের আঙিনায় হেঁটে যাওয়ার সময় তিনি ভিডিওটি ধারণ করেন।

আক্ষেপ প্রকাশ করে এই শিক্ষিকা বলেন, আমাদের মন-মানসিকতা যদি ডিজিটাল, স্মার্ট ও উন্নত করতে না পারি, তাহলে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব না। আমাদের সব দিক থেকেই সমানতালে এগিয়ে যেতে হবে। ভিডিও ভাইরালের ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন বিউটি পাল।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, ভিডিও ভাইরালের ঘটনায় জিডি করেছেন শিক্ষিকা বিউটি রাণী পাল। জিডিতে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’সহ কয়েকটি ফেসবুক পেজের নাম উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে, ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশনা বা সরকারি কর্মচারীদের আচরণবিধি লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখারও সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় শিক্ষা প্রশাসন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানান ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা।

প্রসঙ্গত, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ আয়োজনে সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বিউটি পাল। তার ফেসবুক আইডিতে বিদ্যালয়ে পাঠদান, শিক্ষার্থীদের শরীরচর্চা করানো, নাচ-গানের মাধ্যমে গণিতের বিভিন্ন চিহ্ন ও পাঠ্য বইয়ের বিষয়বস্তু শেখানো, শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণের বিভিন্ন ভিডিও দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থানের ২ বছর উদযাপনে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই অভ্যুত্থানের ২ বছর উদযাপনে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জয়ন্ত চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

জয়ন্ত চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

আয়কর রিটার্নে যেসব ভুল এড়ানো জরুরি

আয়কর রিটার্নে যেসব ভুল এড়ানো জরুরি

বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App