×

শেষের পাতা

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা

মূল টার্গেটে ছিলেন বাবু, প্রাণ খোয়ালেন ইউসুফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মিরপুরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডটি পরিকল্পিত হলেও যুবদল কর্মী ইউসুফ ছিলেন না হামলাকারীদের মূল লক্ষ্য। কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে ২৫ লাখ টাকার চুক্তিতে চারজন শূটার ভাড়া করা হয়েছিল। অভিযানের সময় পরিস্থিতির মোড় ঘুরে গেলে ভুলবশত গুলিতে প্রাণ হারান ইউসুফ। এ ছাড়াও একই ঘটনায় আরো দুজন আহত হন। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এমনটাই দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ একই থানার যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২৫ লাখ টাকার বিনিময়ে চারজন ভাড়াটে শূটার নিয়োগ করা হয়। কিন্তু হামলার সময় মূল টার্গেট প্রাণে বেঁচে গেলেও গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ। আহত হন সবজি বিক্রেতা নালাম সরদার ও মনির হোসেন। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত প্রায় ১১টার দিকে মিরপুর-১৩ নম্বরের ই-ব্লকে ওপেক্স পোশাক কারখানার সামনে।

স্থানীয় বিরোধ থেকেই হত্যার পরিকল্পনা : ডিবি জানিয়েছে, স্থানীয় আধিপত্য বিস্তার, ময়লার টেন্ডার, ফুটপাতের দোকান, ব্যবসা ও জমি দখল এবং আসন্ন কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হত্যার পরিকল্পনা করা হয়। ২৫ লাখ টাকার চুক্তির একটি অংশ অগ্রিম পরিশোধ করা হয়েছিল। পাশাপাশি ভাড়াটে শূটারদের থাকা-খাওয়া ও অন্যান্য ব্যয়ও বহন করা হয়।

প্রথম চেষ্টা ব্যর্থ, দ্বিতীয়বার ঢাকায় এসে হামলার প্রস্তুতি : তদন্তে জানা গেছে, গত ২৯ জুন প্রথমবার বাবুকে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু অস্ত্রে গুলি ভরার সময় মিসফায়ার হওয়ায় সেদিন হামলা চালানো সম্ভব হয়নি। পরে ২২ জুলাই অভিযুক্তরা আবার ঢাকায় এসে মিরপুর-২ এলাকার একটি হোটেলে ওঠে। পরদিন রাতে তারা বাবুর অফিসের সামনে অবস্থান নিয়ে হামলার প্রস্তুতি নেয়। ঝিনাইদহ থেকে ঢাকায় আসেন হত্যাকারীরা।

তল্লাশির সময় গুলিবর্ষণ : ডিবির মুখ্য কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে চায়ের দোকানের আশপাশে সন্দেহজনকভাবে অবস্থান নেয়ায় বিএনপির নেতা-কর্মীরা হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের স্থানীয় বাসিন্দা বলে দাবি করে। পরে তল্লাশির চেষ্টা করলে তাদের একজন আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। সেই গুলিতেই ইউসুফ নিহত হন ও এলোপাতাড়ি গুলিতে আহত হন নালাম সরদার এবং মনির হোসেন। হামলার পর পালানোর সময় স্থানীয় জনতা অস্ত্রসহ চঞ্চলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এখন পর্যন্ত গ্রেপ্তার ৮ : চঞ্চলকে জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে নাহিদ হাসান ও শাফিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জিয়ারুল মোল্লা, আলী হোসেন, জিহাদ মোল্লা ও মাসুম বিল্লাহকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আবির হাওলাদারকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেপ্তার আটজন হলেন- চঞ্চল, জিহাদ মোল্লা, জিয়ারুল মোল্লা, মাসুম বিল্লাহ, নাহিদ হাসান, আবির হাওলাদার, আলী হোসেন ও শাফিন আহমেদ।

রাজনৈতিক পরিচয় নয়, সন্ত্রাসী হিসেবেই দেখা হচ্ছে : এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, তদন্তে রাজনৈতিকভাবে প্রভাবশালী কারো সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকেই ছাড় দেয়া হবে না। তার দাবি, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে আমরা তাদের সন্ত্রাসী হিসেবেই বিবেচনা করছি। ভিকটিম ও টার্গেট-উভয় পক্ষের রাজনৈতিক পরিচয় তদন্তে এসেছে। যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অস্ত্রের উৎস ও শীর্ষ সন্ত্রাসীদের নাম নিয়ে যা বলছে ডিবি : ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যবহৃত অন্যান্য অস্ত্রের উৎস শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আব্বাস ও ইব্রাহিম নামে পরিচিত শীর্ষ সন্ত্রাসীদের নাম আলোচনায় এলেও ডিবির দাবি, এখন পর্যন্ত তাদের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি। পুলিশের ভাষ্য, অপরাধীরা অনেক সময় নিজেদের প্রভাবশালী হিসেবে তুলে ধরতে এসব নাম ব্যবহার করে থাকে।

দুটি মামলা, অভিযান অব্যাহত : এ ঘটনায় কাফরুল থানায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। হত্যা মামলার তদন্ত করছে ডিবি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থানের ২ বছর উদযাপনে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই অভ্যুত্থানের ২ বছর উদযাপনে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জয়ন্ত চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

জয়ন্ত চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

আয়কর রিটার্নে যেসব ভুল এড়ানো জরুরি

আয়কর রিটার্নে যেসব ভুল এড়ানো জরুরি

বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App