দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ভারত সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পক্ষ থেকে সম্মতিপত্র বা ‘অ্যাগ্রিমেন্ট’ পৌঁছে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন ও গতিশীল করার অংশ হিসেবে দিল্লি এই অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে নতুন হাইকমিশনারের নিয়োগ নিয়ে তৈরি হওয়া যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটল।
পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম দিল্লিতে বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। এর আগে রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে পদায়ন করা হয়েছে।
১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া আসাদ আলম সিয়াম গত বছরের জুনে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি অস্ট্রিয়া ও ফিলিপাইনে রাষ্ট্রদূত এবং মিলানে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে সাবেক মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব দিনেশ ত্রিবেদীকে ঢাকায় নতুন দূত হিসেবে পাঠানোর পর বাংলাদেশও তাদের অন্যতম জ্যেষ্ঠ কূটনীতিককে দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপড়েন তৈরি হয়েছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ক্ষমতা গ্রহণের পর দুই পক্ষই সম্পর্ক মেরামতের উদ্যোগ নেয়।
