ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিচ্ছেন। ছবি: সংগৃহীত
ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা অথবা দেশটির বিরুদ্ধে চূড়ান্ত সামরিক পদক্ষেপ নেওয়ার দ্বিমুখী সম্ভাবনার কথা সামনে এনেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সমঝোতা নাকি ধ্বংসের হুঁশিয়ারি
জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামনে এখন দুটি প্রধান বিকল্প খোলা রয়েছে।
সম্ভাব্য সমঝোতা: যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারে, যার মাধ্যমে ইরান নিজেদের পুনর্গঠনের পর্যাপ্ত সুযোগ পাবে এবং ভবিষ্যতে মধ্যপ্রাচ্য তথা বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারবে।
আরও পড়ুন: ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!
কঠোর সামরিক পরিণতি: এর বিপরীতে, ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার পথও খোলা রয়েছে, যাতে দেশটি ভবিষ্যতে আর কখনোই কোনো রাষ্ট্র বা মানুষের ক্ষতি করার সুযোগ না পায়।
ট্রাম্প স্পষ্ট করে জানান, তাঁর কাছে সবচেয়ে অগ্রাধিকার পাওয়া বিষয়টি হলো—ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।
মধ্যবর্তী নির্বাচন ও রাজনৈতিক প্রভাব
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরান হয়তো মার্কিন নির্বাচনের ফলাফল দেখার অপেক্ষায় রয়েছে। তাঁর ধারণা, নির্বাচনের পরেই ইরানের সঙ্গে একটি বাস্তবসম্মত সমঝোতা হতে পারে।
তবে নির্বাচনের কারণে ইরান নীতিতে কোনো প্রভাব পড়বে না দাবি করে ট্রাম্প বলেন, তিনি নিজে এই নির্বাচনে প্রার্থী নন; তবে রিপাবলিকান পার্টির প্রার্থীদের তিনি সর্বাত্মক সহযোগিতা করছেন। ইরান সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি কোনো অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশ মাথায় রাখছেন না।
নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান
বক্তব্যের শেষ পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকার প্রশংসা করেন। সম্প্রতি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে বিপুল ভোটে একটি প্রস্তাব পাস হওয়ায় তিনি সংশ্লিষ্ট সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজে ইরানের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ নিন্দা জানাতে যেভাবে নিরাপত্তা পরিষদ ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক একইভাবে তেহরানের ওপর আন্তর্জাতিক চাপ বজায় রাখতেও বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকতে হবে।
