×

শেষের পাতা

আদালতে হাজিরা

আইভীর ক্ষোভ, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আইভীর ক্ষোভ, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’

পুলিশের ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন বলে তার আইনজীবী আওলাদ হোসেন জানিয়েছেন। হাজিরা শেষে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের সামনে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে আইভী বলেন, নির্দোষ হয়েও আমি অপরাধী।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের দেবভোগের নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার হন আইভী। পরে তার বিরুদ্ধে একে একে ১২টি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দীর্ঘ ৩৯১ দিন বন্দি থাকার পর, গত ৩ জুন তিনি জামিনে মুক্তি পান। এর ৫৫ দিন পর গতকাল আবারো আদালতে হাজিরা দিতে আসেন আইভী।

আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সাবেক এই সিটি মেয়র বলেন, আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী! যাই হোক, এর বিচার- আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন।

সংক্ষিপ্ত এ বক্তব্যের পর তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে যে গাড়িতে করে এসেছিলেন সেটিতে করেই আবার দেওভোগের বাসার উদ্দেশে রওনা হন। এর আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে আইভীর অনুসারী নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা যায়। বিশৃঙ্খলা এড়াতে আদালতের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

আওলাদ হোসেন বলেন, আইভীকে গ্রেপ্তারের দিনে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে নেয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সদর মডেল থানায় পুলিশের দায়ের করা একটি মামলার অভিযোগপত্র গ্রহণের তারিখ ধার্য ছিল মঙ্গলবার। মামলায় জামিনে থাকায় আদালতের কার্যবিধি অনুযায়ী এদিন হাজিরা দেন আইভী। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, তিনি শারীরিকভাবেও অসুস্থ। এ কারণে আদালতে তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছিল। আদালত আবেদন মঞ্জুর করেছে। ফলে এ মামলার বিচারকাজ শুরু না হওয়া পর্যন্ত আইভীকে আর সশরীরে আদালতে হাজির হতে হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি

সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি

মানবদেহে মাইক্রোপ্লাস্টিক, জেনে নিন এর ক্ষতিকর প্রভাব

মানবদেহে মাইক্রোপ্লাস্টিক, জেনে নিন এর ক্ষতিকর প্রভাব

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App