টিনের চালে গাঁজার চাষ, ধরল র্যাব
চট্টগ্রাম অফিস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কোন শুকনো গাঁজা নয় একেবারে তাজা গাঁজার গাছ। তাও আবার চট্টগ্রাম নগরীতে। রীতিমতো টবে এই গাঁজার চাষ করে সেই গাঁজা শুকিয়ে মাদকসেবীদের কাছে বিক্রি করে টাকা আয় করতেন করিৎকর্মা লোকমান হোসেন (৪৪) নামে এক ব্যক্তি। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।
তবে এই গাঁজা চাষি অবশেষে র্যাবের হাতে ধরা খেলেন। নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শাজিনগর এলাকায় বসতঘরের টিনের চালের ওপর গোপনে এই গাঁজার চাষ করছিলেন লোকমান। ২টি বড় টবে এসব গাঁজার চাষ করে রীতিমতো তাজা গাঁজার ব্যবসা ফেঁদে বসেছিলেন। মূলত তিনি এই গাঁজার গাছ থেকে পাতা শুকিয়ে তা গাঁজাসেবীদের কাছে বিক্রি করতেন বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। গত সোমবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে এই গাঁজা চাষি লোকমান হোসেন (৪৪) কে গ্রেপ্তার করে র্যাব। গতকাল মঙ্গলবার র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাজিনগর এলাকায় নিজের বসতঘরের টিনের চালের ওপর প্লাস্টিকের টবে গোপনে গাঁজা গাছের চাষ করছেন লোকমান হোসেন।
সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে র্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানের সময় টিনের চালে রাখা দুটি প্লাস্টিকের টবে ছয়টি করে মোট ১২টি গাঁজা গাছ পাওয়া যায়। পরে গাছগুলো জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা গাঁজা গাছসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
