পেট্রোলবোমা-অগ্নিসংযোগ
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ভারতের ফরেন প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইনে যুক্ত হওয়ার পরপরই জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী আহসান হাবিব বলেন, ‘কয়েকজন যুবক এসে ঢিল দিয়ে জানালার গøাস ভাঙচুর করে। পরপর কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে বাড়ির লোহার গেটের ওপরের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। স্থানীয়রা দ্রুত তা নিভিয়ে ফেলেন।’ তিনি আরো জানান,
হামলার সময় সাকিব আল হাসানের পরিবারের কেউ ওই বাড়িতে ছিলেন না। ৫ আগস্টের পর থেকে বাড়িটিতে শুধু একজন কেয়ারটেকার থাকেন। হামলাকারীরা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে পালিয়ে যায়।
স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নেন সাকিব আল হাসান। লাইভ অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ পরই হামলাকারীরা এসে বোমা বিস্ফোরণ ও ইট-পাটকেল নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ৫ আগস্ট বুধবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাকিব আল হাসান অনলাইন বক্তব্যের পরপরই একদল দুর্বৃত্ত মাগুরার কেশবমোড়ে সাকিবের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটকে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং অগ্নিসংযোগ ও ইট-পাটকেল ছুড়ে জানালার গøাস ভাঙচুর করে।
প্রসঙ্গত, ক্রিকেটার সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটি নিষিদ্ধ ঘোষিত হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেয়ার পাশাপাশি দুটি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। তবে, ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমান সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
