কর্মশালায়
শিক্ষামন্ত্রী শিক্ষা আনন্দময় করার পরিকল্পনা সরকারের
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামক দুটি নতুন পাঠ্যবই যুক্ত করা হচ্ছে। এছাড়া ৬ষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি, ২০২৮ সাল থেকে প্রথম শ্রেণির কারিকুলামে খেলাধুলা বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা’বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে স্কুল ড্রেস, মিডডে মিল কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। আগামীতে দেশের
সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের অভাব রয়েছে। এই সমস্যা নিরসনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠন করা যেতে পারে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিশুদেরকে আনন্দময় শিক্ষা দিতে হবে যাতে শেখার আগ্রহ আসে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সবাইকে একত্রে কাজ করতে হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেশের সব জায়গায় খেলার মাঠ বাড়ানো, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
