×

ঢালিউড

শাবনূরের রহস্যময় বার্তা

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী।’ মাত্র পাঁচ শব্দের এই বার্তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও কৌতূহল দেখা দিয়েছে।

সম্প্রতি সালমান শাহর মৃত্যু ও হত্যা মামলা ঘিরে নতুন করে নানা তথ্য ও দাবি সামনে আসার মধ্যেই শাবনূরের এমন রহস্যময় পোস্ট এসেছে। তবে পোস্টে তিনি কাউকে উদ্দেশ করে কিছু বলেননি। এমনকি সালমান শাহর হত্যা মামলার কথাও সরাসরি উল্লেখ করেননি।

সালমান শাহর মৃত্যুর সঙ্গে বিভিন্ন সময়ে শাবনূরের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন কেউ কেউ। এর মধ্যেই সালমান শাহ হত্যা মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী অভিনেতা ডনের আগের দেওয়া জবানবন্দির বিভিন্ন তথ্য গণমাধ্যমে তুলে ধরেন।

আরও পড়ুন: মৃত্যুর পরও এক বছর মুক্তি পায় সালমান শাহর ৯ সিনেমা

পাবলিক প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, ডনের জবানবন্দিতে বলা হয়েছে, সালমান শাহর মৃত্যুর দিন তার বাসায় সামিরা, আজিজ মোহাম্মদ ভাইসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। সেখানে দাবি করা হয়, প্রথমে সালমান শাহর নাক-মুখে ক্লোরোফর্ম প্রয়োগ করে তাকে অচেতন করা হয়। পরে তাকে আরও গভীরভাবে অচেতন করতে একটি বিশেষ ইনজেকশন দেওয়া হয়। মৃত্যুর পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলেও জবানবন্দির বরাতে দাবি করেন তিনি।


ওমর ফারুক ফারুকী আরও বলেন, ডন তার জবানবন্দিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়ি নিজের কোমরে বেঁধে সালমান শাহর বাসায় নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন।

সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি দীর্ঘদিনের। তার ভক্ত ও বিভিন্ন মহল থেকে মামলার আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার প্রকৃত সত্য প্রকাশের দাবি রয়েছে।

এতদিন এসব বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা না বললেও মঙ্গলবারের সংক্ষিপ্ত ফেসবুক বার্তাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে শাবনূরকে নিয়ে। তবে তার পোস্টের সঙ্গে সালমান শাহ হত্যা মামলার কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কিছু বলা হয়নি।

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বলেছিলেন নীলা চৌধুরী

সালমান শাহ ও শাবনূরের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নব্বইয়ের দশক থেকেই নানা গুঞ্জন ছিল। তবে শাবনূর বরাবরই বলে এসেছেন, তিনি সালমান শাহকে ভাইয়ের মতো দেখতেন।

সম্প্রতি সালমান শাহর মা নীলা চৌধুরীও শাবনূরের এই বক্তব্যকে সমর্থন করেছেন। তার দাবি, তার ছেলে ও শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না; সালমান তাকে বোনের মতোই দেখতেন।

ঢালিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন সালমান শাহ ও শাবনূর। ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে তাদের জুটির পথচলা শুরু হয়। এরপর ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ মোট ১৪টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। এই জুটির অধিকাংশ সিনেমাই দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য পেয়েছিল।

তবে শাবনূরের সাম্প্রতিক পোস্টের প্রকৃত ইঙ্গিত কী, তা এখনো স্পষ্ট নয়। ফলে ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—এই বার্তাকে ঘিরে আপাতত জল্পনাই চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতার হোটেলে আগুন, বেঁচে ফেরা ৩ বাংলাদেশির ভয়াবহ অভিজ্ঞতা

কলকাতার হোটেলে আগুন, বেঁচে ফেরা ৩ বাংলাদেশির ভয়াবহ অভিজ্ঞতা

পিংক বাস নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান, দিলেন কড়া বার্তা

পিংক বাস নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান, দিলেন কড়া বার্তা

প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী দিপু মনি

প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী দিপু মনি

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’

শাবনূরের রহস্যময় বার্তা ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App