×

শেষের পাতা

স্লিপার বাস বন্ধ হলে ঝুঁকিতে পড়বে বিনিয়োগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্লিপার বাসের বৈধতা ও চলাচলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে রাজধানীর বনানীতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। গতকাল রবিবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে এয়ারপোর্ট-বনানী সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দিয়ে বিআরটিএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন তারা। মালিক সমিতির নেতাদের দাবি, বর্তমানে দেশে প্রায় ১ হাজার স্লিপার বাস চলাচল করছে ও এ খাতে প্রায় ২ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে। চালক, হেলপার, সুপারভাইজার, মেকানিকসহ প্রায় দুই থেকে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান এই পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত। হঠাৎ করে স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে চলাচল বন্ধ করে

দেয়া হলে বিপুল বিনিয়োগের পাশাপাশি সংশ্লিষ্টদের জীবিকাও হুমকির মুখে পড়বে।

বনানীতে বিআরটিএ সদর দপ্তরের চেয়ারম্যান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু। তিনি বলেন, ২০১০ সাল থেকে দেশের মহাসড়কে স্লিপার বাস চলাচল করছে। দীর্ঘদিন ধরে পর্যটনকেন্দ্র ও দূরপাল্লার বিভিন্ন রুটে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের জন্য এই পরিবহনসেবা ব্যবহার করছেন। তৌহিদুল ইসলাম বাবুর দাবি, স্লিপার বাসের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে ও প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করে অভিযান পরিচালনা করাচ্ছে। অথচ এসব বাসের টিকেট বিক্রি, ভ্যাট-ট্যাক্সসহ বিভিন্ন খাত থেকে সরকার নিয়মিত রাজস্ব পাচ্ছে। তার দাবি, স্লিপার বাসের দুর্ঘটনার হারও তুলনামূলকভাবে কম। তিনি বলেন, স্লিপার বাস বন্ধের পরিবর্তে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। কোথাও কোনো ঘাটতি থাকলে সরকার প্রয়োজনীয় গাইডলাইন দিলে মালিকরা তা মেনে চলবেন। তবে কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া হঠাৎ করে এই পরিবহনসেবা বন্ধ করে দিলে যাত্রীরা সমস্যায় পড়বেন, সরকার রাজস্ব হারাবে এবং বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়বেন। মালিক সমিতির নেতারা জানান, স্লিপার বাসের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নম্বর ১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে। বিষয়টি নিয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়, বিআরটিএসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেয়া হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকেও স্লিপার বাসের নকশা ও নিরাপত্তা বিষয়ে মূল্যায়ন প্রতিবেদন জমা দেয়া হয়েছে বলে দাবি করেন তারা।

তাদের অভিযোগ, আদালতের চূড়ান্ত রায় ও সরকারের নীতিগত সিদ্ধান্তের আগে বিভিন্ন স্থানে স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় অঙ্কের জরিমানা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলাকালে এ ধরনের জরিমানা, অযৌক্তিক তল্লাশি ও গাড়ি আটক বন্ধের দাবি জানান তারা। মালিক সমিতির পক্ষ থেকে বিআরটিএর কাছে স্লিপার বাসের জন্য পৃথক ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে ফিটনেস ও রুট পারমিটসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরির দাবি জানানো হয়। তৌহিদুল ইসলাম বাবু আরো বলেন, স্লিপার বাসকে ডাবল ডেকার হিসেবে আখ্যায়িত করা সঠিক নয়। এগুলো একতলা কাঠামোর মধ্যেই বিশেষ নকশায় তৈরি করা হয়েছে ও আকার-আকৃতিতেও অন্যান্য দূরপাল্লার বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ সময় মালিক সমিতির নেতারা বলেন, তারা আইন ও সরকারি বিধিবিধান মেনে চলতে প্রস্তুত। স্লিপার বাসের কোনো কারিগরি বা নিরাপত্তাগত ঘাটতি থাকলে তা সংশোধনের সুযোগ দিতে হবে। আধুনিক এই পরিবহনসেবা পুরোপুরি বন্ধ না করে মালিক, সরকার, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত একটি নিয়ন্ত্রক কাঠামো তৈরি করাই সমাধান বলে মনে করেন তারা।

এদিকে বিক্ষোভের বিষয়ে ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউল হক বলেন, স্লিপার বাসের বৈধতার দাবিতে পরিবহন শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। পরে পুলিশের অনুরোধে তারা রাস্তা ছেড়ে দেন। সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যানচলাচলে বিঘœ ঘটে। পরে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ কয়েকজন নেতা বিআরটিএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে স্লিপার বাস বন্ধ না করে দ্রুত নীতিমালা প্রণয়ন, ফিটনেস ও রুট পারমিট জটিলতার সমাধান এবং আদালতে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় কঠোর অভিযান বন্ধের দাবি জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম ওমানের

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম ওমানের

আমাদের আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে

রায়ের পর নুসরাতের মা আমাদের আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App