×

জাতীয়

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিএনপি জুলাই সনদের লক্ষ্য ও নির্দেশনার ভিত্তিতেই এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের ওপর আস্থা রাখুন, আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাই।’

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান।

আরও পড়ুন: নবম পে-স্কেলে বেতন কবে জেনে নিন

আইনমন্ত্রী বলেন, সরকারকে গঠনমূলক চাপের মধ্যে রাখা প্রয়োজন। তবে চাপ প্রয়োগের ভাষা ও পদ্ধতিও গুরুত্বপূর্ণ। নিষিদ্ধ রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো দলের সভা-সমাবেশে বাধা দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। পরিবর্তনের গতি ধীর হতে পারে, কিন্তু প্রক্রিয়া চলমান। একটি গুমের অভিযোগও তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে শূন্য সহনশীলতার নীতি নেওয়া হয়েছে।

রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তবে সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। কোনো ক্ষেত্রে সরকার সফল না হলে তা সংশোধনের জন্যও তারা প্রস্তুত।

আরও পড়ুন: বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

জাতীয় মানবাধিকার কমিশন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আগের কাঠামোয় কমিশনটি ‘ফ্রাঙ্কেনস্টাইনের মতো’ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আশঙ্কা ছিল। বিষয়গুলো যাচাই-বাছাই করে সংসদে ফিরিয়ে নেওয়া হবে। তবে এ নিয়ে সরকারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তের ক্ষমতা অক্ষুণ্ন রাখা হচ্ছে। একই সঙ্গে সরকার জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করছে।

আইন পরিবর্তনযোগ্য উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আইন কোনো পবিত্র ধর্মগ্রন্থ নয়; আইন পরিবর্তনযোগ্য।’

তিনি বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কোনো নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত না হন। জুলাই সনদেও সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। সংবিধান সংশোধন নিয়ে যৌক্তিক কোনো প্রস্তাব এলে তা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।

মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা সামনে এগিয়ে যেতে চাই, পেছনে ফিরতে চাই না। আমরা গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের কিছু দুর্বলতা রয়েছে, তা অস্বীকার করছি না। তবে বাস্তবতা বিবেচনায় নিয়েই এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভুল হতে পারে, তবে আমাদের চিন্তা স্বচ্ছ। বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়। আমাদের ওপর আস্থা রাখুন, আমরা সেই লক্ষ্যেই এগোতে চাই।’

আরও পড়ুন: মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা স্পষ্টভাবে মনে করি এখানে অভ্যুত্থান হয়েছে সংস্কারের জন্য; কোনো বিপ্লব হয়নি।’ তার মতে, সংস্কার নিয়ে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি করা গেলে এই কঠিন প্রক্রিয়া সুস্থভাবে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্য তৈরি না হওয়ায় বিভিন্ন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী ৩১ দফার চেতনাকে সামনে এনেছেন। তবে তা বাস্তবায়নে রাজনৈতিক অংশীজনদের সম্পৃক্ত করা প্রয়োজন। দূরত্ব কমাতে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা জরুরি।

সরকার সবার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ঐকমত্য ছাড়া সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। পররাষ্ট্রনীতিতেও ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে অগ্রাধিকার দিতে হবে।

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় ঐক্য ও পরিচয় শক্তিশালী না হলে সংস্কার কার্যকর হবে না। বিচারক নিয়োগ, বিচারপ্রক্রিয়া ও পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকারের জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক বলেন, র‍্যাবের নাম পরিবর্তনের মাধ্যমে মূলত প্রতিষ্ঠানটিকেই পুনর্বহাল করা হয়েছে। তার মতে, ফ্যাসিবাদ যে পথে এগিয়েছে, তার বিপরীত পথে হাঁটতে না পারলে সেই সংস্কৃতি থেকে বের হওয়া সম্ভব নয়।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, রাজনীতিবিদদের প্রতি মানুষের যে আস্থা ফিরে এসেছিল, তা নষ্ট করা উচিত নয়। গণভোটের রায় জনগণ দিয়েছে এবং তা বিএনপিকেই বাস্তবায়ন করতে হবে।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, কোনো সরকারের চূড়ান্ত লক্ষ্য শুধু পাঁচ বছর ক্ষমতায় থাকা হতে পারে না। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে গণভোটের রায়কে গুরুত্ব দিয়ে তা বাস্তবায়নের বিকল্প নেই।

গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী বলেন, মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন। সরকারের কোনো ঘাটতি থাকলে জনগণ তা সহজেই বুঝতে পারবে। তাই বাস্তবতার ভিত্তিতে সামগ্রিকভাবে কাজ করতে হবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া সমাবেশের অনুমতি না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, নতুনভাবে বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যাশা তৈরি হয়েছে, বিএনপি হয়তো সেটিকে ভিন্নভাবে দেখছে।

অনুষ্ঠানের শুরুতে সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, জনগণ রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিবেচনা করেই ভোট দিয়েছে। সরকারের সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও মনে রাখতে হবে, রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির ভিত্তিতেই জনগণের প্রত্যাশা তৈরি হয়েছে। তাই ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে জনগণকে হতাশ না করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম ওমানের

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম ওমানের

আমাদের আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে

রায়ের পর নুসরাতের মা আমাদের আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App