জামায়াত আমির
বর্তমান সরকার আ.লীগের পথে হাঁটছে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল চূড়ান্ত যুদ্ধের রিহার্সেল। ৫ আগস্টের পর জনগণ ভেবেছিল ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা থেকে বিরত না থাকলে দেশের মানুষ আওয়ামী লীগের মতোই তাদের বিতাড়িত করবে।
গতকাল রবিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ অভিযোগ করেন।
বিরোধী দলীয় নেতা বলেন, একটি বিশেষ রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করা হয়েছে। একই সঙ্গে একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসও গায়েব করে দেয়া হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল চূড়ান্ত যুদ্ধের রিহার্সেল। সেই অভ্যুত্থানের চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন।
শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, অপরাধের দায় নিয়ে যারা দেশ ছেড়েছেন, তাদের আর দেশে ফেরার সুযোগ নেই।
বাংলাদেশের পাসপোর্টের অবস্থান নিয়েও সমালোচনা করে শফিকুর রহমান বলেন, সভ্য দেশের অন্যতম মাপকাঠি পাসপোর্ট সূচকেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশের নাগরিকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সেমিনারে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনম রফিকুর রহমান মাদানীর সভাপতিত্বে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পরে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
