‘মানহীন-ঝুঁকিপূর্ণ’ খাবার ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করল ডিএসসিসি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ল্যাবরেটরি পরীক্ষায় মানহীন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রমাণ হওয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪টি মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো হলো- বিদেশি কোম্পানি ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড, আরেক বিদেশি কোম্পানি আরবোটিং ফুড কোং লিমিটেড এবং বনশ্রীর ‘কাচ্চি সুলতান’ রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত-২ এসব মামলা হয়েছে। ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক মামলা আমলে নিয়ে পরোয়ানা জারি করেছেন।
গত বুধবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ল্যাবরেটরি পরীক্ষার বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানগুলোর নির্দিষ্ট খাদ্যপণ্যে অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও মারাত্মক ঝুঁকিপূর্ণ।
