বায়ুদূষণে ঢাকার বাতাস ছিল সহনীয় মানের
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ ও শিল্প কর্মকাণ্ডের প্রভাবে বাড়ছে বায়ুদূষণ। সর্বশেষ বায়ুমান সূচকে (একিউআই) বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাস রয়েছে সহনীয় পর্যায়ে। ঢাকার বায়ুমান স্কোর পাওয়া গেছে ৮৬। দূষণের মাত্রার দিক থেকে তালিকায় ঢাকার অবস্থান ১৬তম। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমানবিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এমনটাই জানানো হয়েছে। শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের তালিকার ঢাকার দূষণের স্কোর ছিল ৩২। সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর রাজধানী কিনশাসা। ১২৫টি দেশের মধ্যে কিনশাসার বায়ুদূষণ স্কোর রেকর্ড করা হয়েছে ১৮৩।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুমান বর্তমানে তুলনামূলক সহনীয় পর্যায়ে থাকলেও নগরীর দীর্ঘদিনের বায়ুদূষণ সমস্যা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন দূষণের প্রধান উৎস হিসেবে চিহ্নিত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণের কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।
