ফ্রান্সের কাছে প্যারাগুয়েকে বিধ্বস্ত দেখছেন দুগাহি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে ছন্দে থাকা দল কোনটি- এই প্রশ্নের উত্তরে অনেকের মতোই ফ্রান্সের নাম উচ্চারণ করছেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিস্তফ দুগাহি। তবে তিনি শুধু ফ্রান্সকে এগিয়ে রাখেননি, শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের সম্ভাবনাকেই প্রায় উড়িয়ে দিয়েছেন। তার বিশ্বাস, জার্মানিকে বিদায় দিয়ে চমক দেখানো লাতিন আমেরিকার দলটি এবার কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলেদের সামনে টিকতেই পারবে না; বরং বড় ব্যবধানে হারবে।
আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে। একদিকে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ফরাসিরা। অন্যদিকে টাইব্রেকারে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে আত্মবিশ্বাসের তুঙ্গে প্যারাগুয়ে। কিন্তু দুগাহির চোখে এই দুই দলের শক্তির ব্যবধান এখনো অনেক।
ফরাসি গণমাধ্যম আরএমসিকে দেয়া সাক্ষাৎকারে ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড বলেন, বর্তমান ফ্রান্স দলকে প্রায় অপ্রতিরোধ্য মনে হচ্ছে। তার মতে, খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া, আত্মবিশ্বাস ও পারস্পরিক সমন্বয় এমন পর্যায়ে পৌঁছেছে, যা অন্য দলগুলোর চেয়ে অনেক এগিয়ে। মাঠে তারা শুধু জিতছে না, নিজেদের ফুটবলও দারুণভাবে উপভোগ করছে। সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে প্রতিটি ম্যাচেই।
দুগাহির সবচেয়ে বড় মুগ্ধতা ফ্রান্সের আক্রমণভাগ নিয়ে। এমবাপে, দেম্বেলে এবং তাদের সতীর্থদের নিয়ে গড়া আক্রমণকে চলতি বিশ্বকাপের সবচেয়ে ভয়ংকর বলেই মনে করছেন তিনি। তার প্রশ্ন, বিশ্বের কোন দল এই আক্রমণভাগকে থামাতে পারবে? নিজের প্রশ্নের উত্তরও নিজেই দিয়েছেন- এমন কোনো দল তার চোখে পড়ছে না।
নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ হিসেবে তিনি টেনেছেন সুইডেনের বিপক্ষে ফ্রান্সের শেষ ম্যাচ। ইউরোপের অন্যতম কার্যকর দুই ফরোয়ার্ড ভিক্তর ইয়োকেরেস ও আলেকসান্দার ইসাককে নিয়েও সুইডেন কার্যত কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। প্রিমিয়ার লিগে দারুণ সাফল্য পাওয়া এই দুই ফুটবলারের উপস্থিতিও ফরাসি রক্ষণকে বিচলিত করতে পারেনি। তাই তার ধারণা, প্যারাগুয়ের জন্য কাজটা আরো কঠিন হবে। তবে ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্যই হলো অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তার জোরেই জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। শৃঙ্খলিত রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং মানসিক দৃঢ়তায় তারা ইতোমধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। নকআউট পর্বে একটি মুহূর্তই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে- এই বাস্তবতাও উড়িয়ে দেয়া যায় না।
তবু দুগাহি নিজের অবস্থানে অনড়। তার মতে, ফ্রান্সের বর্তমান গতি, আক্রমণের বৈচিত্র্য এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাসের সামনে প্যারাগুয়ের টিকে থাকা কঠিন। এমনকি ম্যাচের আগে প্রতিপক্ষ নানা অজুহাত তুললেও মাঠের লড়াইয়ে তার কোনো প্রভাব পড়বে না বলেই বিশ্বাস তার। তাই তার স্পষ্ট ভবিষ্যদ্বাণী- ফ্রান্সের কাছে প্যারাগুয়ে বিধ্বস্তই হবে। এই মন্তব্য এখন বাড়তি উত্তাপ ছড়িয়েছে শেষ ষোলোর বহুল প্রতীক্ষিত লড়াইয়ে। দুগাহির ভবিষ্যদ্বাণী সত্যি হবে, নাকি জার্মানির পর আরেক পরাশক্তিকে হারিয়ে নতুন বিস্ময় উপহার দেবে প্যারাগুয়ে- উত্তর মিলবে মাঠের ৯০ মিনিটেই।
