রেকর্ড ভেঙেও ক্লোসার প্রশংসায় ভাসলেন মেসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মুকুট এখন লিওনেল মেসির মাথায়। বহুদিন ধরে নিজের দখলে থাকা এই রেকর্ড হারিয়েও কোনো আক্ষেপ নেই মিরোস্লাভ ক্লোসার। বরং আর্জেন্টাইন মহাতারকার প্রশংসায় ভাসিয়ে জার্মান কিংবদন্তি জানালেন, রেকর্ড ভাঙার পর দুজনের মধ্যে হয়েছে আবেগঘন ফোনালাপ, যেখানে মেসি তাকে নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দেয়ার প্রতিশ্রæতিও দিয়েছেন।
বিশ্বকাপে ২১ গোল করে মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন লিওনেল মেসি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে নিজের নাম নতুন করে ইতিহাসে লিখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে নিজের রেকর্ড হারিয়ে কোনো হতাশা নয়, বরং মেসির সাফল্যকে আনন্দের সঙ্গেই নিয়েছেন জার্মানির সাবেক তারকা স্ট্রাইকার।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লোসা বলেন, মেসি এক অবিশ্বাস্য বিস্ময়কর প্রতিভা। তিনি জানান, মেসি তার রেকর্ড স্পর্শ করার পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির উদ্যোগেই দুজনের মধ্যে ফোনে কথা হয়। ২০১১-১৩ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাব লাৎসিওতে স্কালোনির সঙ্গে একই দলে খেলেছিলেন ক্লোসা। সেই বন্ধুত্বের সূত্রেই এই বিশেষ মুহূর্তের আয়োজন।
ক্লোসার ভাষায়, স্কালোনি আমার সতীর্থ ছিল। আমাদের এখনো নিয়মিত যোগাযোগ আছে। মেসি আমার বিশ্বকাপের গোলের রেকর্ড স্পর্শ করার পর স্কালোনিই আমাদের মধ্যে ফোনালাপের ব্যবস্থা করে দেয়। খুবই আবেগঘন মুহূর্ত ছিল এটা। শুধু অভিনন্দনেই শেষ হয়নি সেই আলাপ। ক্লোসা জানান, কথোপকথনের একপর্যায়ে মেসি তাকে নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দেয়ার প্রতিশ্রæতি দেন।
জার্মান কিংবদন্তি বলেন, সে আমাকে বলেছে, নিজের সই করা একটি জার্সি পাঠাবে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির জার্সিতে ক্লোসার প্রতিপক্ষ ছিলেন মেসি। সেই ম্যাচে শিরোপা জিতেছিল জার্মানি। মাঠে একাধিকবার মুখোমুখি হলেও মাঠের বাইরে এবারই প্রথম দীর্ঘ সময় কথা হয়েছে দুজনের। বর্তমানে জার্মানির দ্বিতীয় বিভাগের ক্লাব এফসি নুরেমবার্গের কোচের দায়িত্ব পালন করা ক্লোসা বলেন, মেসির সঙ্গে আগে মাঝেমধ্যে দেখা হয়েছে। সব সময়ই সেটা আনন্দদায়ক ও সৌহার্দ্যপূর্ণ ছিল। কিন্তু ফুটবলের বাইরে এবারই প্রথম আমরা দীর্ঘ সময় ধরে কথা বললাম। এর আগেও মেসি বিশ্বকাপে ক্লোসার গোলের রেকর্ড ভাঙার পর প্রকাশ্যে আর্জেন্টাইন মহাতারকার প্রশংসা করেছিলেন জার্মান কিংবদন্তি। তখন তিনি বলেছিলেন, আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!
