×

খেলা

হারলেও বিশ্বকাপ বদলে দিল হলান্ডকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হারলেও বিশ্বকাপ বদলে দিল হলান্ডকে

সেমিফাইনালের স্বপ্ন ভেঙেছে, কিন্তু ভাঙেনি বিশ্বাস। ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নরওয়ে। তবু টুর্নামেন্ট শেষে হতাশার চেয়ে আশার কথাই বেশি শোনালেন আর্লিং হলান্ড। তার বিশ্বাস, এই বিশ্বকাপ শুধু একজন ফুটবলার হিসেবে নয়, মানুষ হিসেবেও তাকে বদলে দিয়েছে। আর নরওয়েকেও তুলে ধরেছে বিশ্ব ফুটবলের নতুন এক শক্তি হিসেবে।

মিয়ামির কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত লড়েও থামতে হয়েছে নরওয়েকে। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে জুড বেলিংহ্যামের জোড়া গোলের দ্বিতীয়টি ইংল্যান্ডকে পৌঁছে দেয় সেমিফাইনালে। বিদায় নেয় নরওয়ে, শেষ হয় হলান্ডের প্রথম বিশ্বকাপ অভিযান। তবে এই বিদায় কোনোভাবেই ব্যর্থতার প্রতীক নয়। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়ে ছিল এবারের আসরের অন্যতম বড় চমক। নকআউটে আইভরি কোস্টকে হারানোর পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠে তারা নতুন ইতিহাস গড়ে। ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষকেও শেষ মুহূর্ত পর্যন্ত কঠিন পরীক্ষায় ফেলেছিল তারা।

হলান্ডের ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল নজরকাড়া। প্রথম চার ম্যাচেই গোল করে মোট সাতবার জাল কাঁপিয়েছিলেন তিনি। কিন্তু কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কড়া মার্কিংয়ে অনেকটাই নিষ্প্রভ ছিলেন নরওয়ের অধিনায়ক। দ্বিতীয়ার্ধে নরওয়ে একবার জালও খুঁজে পেয়েছিল, কিন্তু কর্নারের আগে হলান্ডের ফাউল ধরা পড়ায় ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে গোল বাতিল হয়। পরে ক্রিস্তোফার আয়ারের হেড ক্রসবারে লেগে ফিরে এলে ভাগ্যও মুখ ফিরিয়ে নেয় নরওয়ের।

অতিরিক্ত সময়ের বিরতিতে হলান্ডকে তুলে নেন কোচ স্টলে সোলবাক্কেন। সেটিই ছিল এবারের বিশ্বকাপে তার শেষ মুহূর্ত। মাঠ ছাড়ার সময় হতাশা থাকলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেখা গেল ভিন্ন এক হলান্ডকে- পরিণত, আত্মবিশ্বাসী এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তিনি বলেন, বিশ্বকাপে যে অভিজ্ঞতা হলো, সেটা স্বপ্নের মতো। মনে হচ্ছে এই টুর্নামেন্ট আমাকে মানুষ হিসেবে বদলে দিয়েছে। ফুটবলার হিসেবেও আমি আরো সমৃদ্ধ হয়েছি। ছোটবেলায় যে বিশ্বকাপ টেলিভিশনে দেখতাম, এবার আমি নিজেই তার অংশ হতে পেরেছি। এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

নিজেদের পারফরম্যান্স নিয়েও গর্বিত নরওয়ের অধিনায়ক। তার মতে, দেশের মানুষকে নতুন স্বপ্ন দেখাতে পেরেছে এই দল। হলান্ড বলেন, নরওয়ের মানুষের মধ্যে যে ঐক্য, ইতিবাচকতা আর উচ্ছ¡াস দেখেছি, তা আমাদের আরো অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্ব ফুটবলের মানচিত্রে নিজেদের জায়গা করে নিয়েছি। এখন সেই মান ধরে রাখতে হবে।

বিশ্বকাপে নরওয়ের সাহসী ফুটবল নতুন প্রজন্মের সম্ভাবনাকেও সামনে নিয়ে এসেছে। ব্রাজিলকে হারিয়ে তারা দেখিয়েছে, বড় দলকে হারানো আর অসম্ভব নয়। ইংল্যান্ডের বিপক্ষেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে তারা বুঝিয়ে দিয়েছে, ফল অন্য রকমও হতে পারত। হলান্ডের বিশ্বাস, এই দল এখানেই থেমে থাকবে না। সামনে আরো বিশ্বকাপ, ইউরো এবং বড় মঞ্চ অপেক্ষা করছে। তার ভাষায়, ‘আমরা প্রমাণ করেছি, বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষেও জেতা সম্ভব। এবার হয়তো পারিনি, কিন্তু সামনে আরো সুযোগ আসবে। আমাদের হাতে দারুণ একটি প্রজন্ম আছে। নিজেদের প্রতিষ্ঠিত করার এটাই সঠিক সময়।’

বিশ্বকাপের ট্রফি ছোঁয়া হলো না, সেমিফাইনালের স্বপ্নও পূরণ হয়নি। কিন্তু নরওয়ে বিদায় নিয়েছে মাথা উঁচু করে। আর হলান্ড রেখে গেলেন একটি বার্তা- কখনো কখনো একটি পরাজয়ও ভবিষ্যতের বড় জয়ের ভিত গড়ে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’

বন্যার পানিতে যেসব ভুল কখনো করবেন না

বন্যার পানিতে যেসব ভুল কখনো করবেন না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App