বিশ্বকাপ হারের পর সমালোচকদের কড়া জবাব দে পলের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইনালে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ ধরে রাখতে না পারার হতাশা এখনো কাটেনি রদ্রিগো দে পলের। তবে সেই কষ্টের মধ্যেও সমালোচকদের কড়া জবাব দিয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ এই মিডফিল্ডার। তার দাবি, বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে ঘিরে ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়ানো হয়েছে এবং অনেকেই চেয়েছিল দলটির পতন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গত রবিবার ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে শিরোপা ধরে রাখতে না পারার আক্ষেপ প্রকাশ করেন দে পল। একইসঙ্গে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দে পল লিখেছেন, বিশ্বকাপ দেশে ফিরিয়ে নিতে না পারাটাই তার সবচেয়ে বড় কষ্ট। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমর্থকদের সঙ্গে দলের সম্পর্ক যে কেবল একটি ট্রফির ওপর নির্ভরশীল নয়, সেটিও তারা বুঝিয়ে দিয়েছেন বলে মনে করেন তিনি। এই কঠিন সময় পার হতে সমর্থকদের ভালোবাসাকেই আঁকড়ে ধরতে চান এই মিডফিল্ডার।
এরপরই সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দেন দে পল। তার দাবি, আর্জেন্টিনার এই পরাজয় দেখতে অনেকেই অপেক্ষা করছিলেন। বিশ্বকাপজুড়ে দলটির সাফল্যকে খাটো করতে নানা ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্বও ছড়ানো হয়েছে।
বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা রেফারি ও ভিএআরের সিদ্ধান্তে বাড়তি সুবিধা পেয়েছে- এমন অভিযোগ উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার পক্ষপাতিত্ব পাওয়ার অভিযোগও করেছিলেন অনেকে। আর্জেন্টিনা দল ও সমর্থকদের উদ্?যাপনের ধরন নিয়েও ছিল সমালোচনা। দে পলের বক্তব্যকে এসব সমালোচনারই জবাব হিসেবে দেখা হচ্ছে। ‘অনেকে চেয়েছিল আমাদের পতন। তারা চেয়েছিল আমরা যা পেয়েছি, তা যেন অন্যরা অনুভব করতে না পারে। কারণ আমাদের হাসি তাদের বিরক্ত করে, আমাদের চলাফেরা তাদের অস্বস্তিতে ফেলে’- নিজের পোস্টে এমনই মন্তব্য করেন দে পল। তবে এসব সমালোচনাই আর্জেন্টিনার জার্সির প্রতি তাদের আবেগ ও ভালোবাসাকে আরো দৃঢ় করেছে বলে মনে করেন তিনি। এবারের বিশ্বকাপে অবশ্য নিজের সেরা ছন্দে ছিলেন না দে পল। ফাইনালে তাকে শুরুর একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছিল। তবু
লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই মিডফিল্ডার।বিশ্বকাপ ধরে রাখতে না পারার কষ্ট অনেক দিন থাকবে বলেও জানিয়েছেন দে পল। তবে সবশেষে নিজের দেশের প্রতি গর্বের কথাই বলেছেন তিনি, ‘এই ব্যথা অনেক দিন থাকবে। তবে আজ আগের যেকোনো সময়ের চেয়ে আমি আর্জেন্টাইন হওয়ার জন্য বেশি গর্বিত।’
